বোয়ালমারীর হাসামদিয়া গণহত্যা দিবস আজ

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৪০
আজ ১৯৭১ সালের এই দিনে ফরিদপুরের বোয়ালমারীর হাসামদিয়া এলাকায় ৩৩ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করা হয় এবং জ্বালিয়ে দেয়া হয় হাসামদিয়া বাজারসহ শতাধিক বাড়ী-ঘর। স্বাধীনতার ৪৩ বছরেও সেখানে সরকারি উদ্যোগে কোন স্মৃতিস্তম্ভ নির্মাণ না হওয়ায় ক্ষোভ রয়েছে শহীদ পরিবারসহ এলাকাবাসীর। স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন এই প্রতিবেদককে জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন এইদিনে যশোর সেনানীবাস থেকে মেজর নেওয়াজের নেতৃত্বে তিন শতাধিক পাকিস্তানী হানাদার বাহিনী ঢুকে পড়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে। মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার শাহ মো. আবু জাফরকে হত্যা করতে এসে তাকে না পেয়ে পাক আর্মিরা কয়েক ভাগে বিভক্ত হয়ে গ্রামে প্রবেশ করে। শুরু করে নির্বিচারে গণহত্যা, অগ্নি সংযোগ, লুটপাট, নারী ধর্ষণ। স্থানীয় মুক্তিযোদ্ধা বিধান চন্দ্র দে দাবি জানালেন রামনগর গ্রামের গণকবরের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের। প্রতিবছরের ন্যায় এবারও শাহ জাফর টেকনিক্যাল কলেজের আয়োজনে কলেজ চত্বরে শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।