কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৪১
কমলনগর ও ভাণ্ডারিয়ায় কাল বৈশাখী ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘর ও ফসলের ক্ষতি হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কমলনগর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল বৃস্পতিবার বিকালে কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় মোহম্মদ (৭) ও মো. শরিফ (১২) নামে এক প্রতিবন্ধী শিশুসহ তিনজন আহত হয়েছেন। এলাকাবাসী জানান, উপজেলার চরফলকন, পাটারীরহাট, চরকালকিনি ও সাহেবেরহাটসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও দোকানঘরসহ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ঝড়ে বিভিন্ন এলাকায় শতাধিক ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। ভাণ্ডারিয়া (পিরোজপুর) ভান্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিত উপজেলার গৌরীপুর, উত্তর পৈকখালী, ভিটাবাড়িয়া, নদমূলা শিয়ালকাঠী, ধাওয়া, ইকড়ি, তেলিখালী ও ভান্ডারিয়া সদরের কয়েকশ গাছ ভেঙে পড়ে এবং বেশ কিছু বাড়ি ঘর বিধ্বস্ত হয়। শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।