জেলার পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় পার্বত্য জেলা পরিষদের সাবেক তিন সদস্যসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বিশেষ জজ ও জেলা দায়রা জজ আদালত। এরা হলেন- সাবেক পার্বত্য জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা আরিফ উদ্দিন চৌধুরী, লুসাই মং মারমা, উক্যমং চৌধুরী এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের তত্কালীন উপ-পরিচালক উত্পল কান্তি চাকমা।
বিশেষ জজ এবং বান্দরবান জেলা ও দায়রা জজ মো: শফিকুর রহমানের আদালত গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। এছাড়াও একই আদেশে দুদকের তদন্ত প্রমাণিত না হওয়ায় অনিয়মের মাধ্যমে চাকরি পাওয়া অভিযুক্ত অপর চার আসামি উনুচিং মারমা, কাবেরী নন্দী, মো: নুরুল আলম এবং মো: শহীদুল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
