আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে শেখ হাসিনার অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কোনো চক্রান্ত সফল হবে না।
বুধবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে একটি হোটেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ম্যারিল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, যখন একাত্তরের ঘাতকদের বিচার চলছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, তখন বিএনপি-জামায়াত ও তাদের দোসররা নতুন চক্রান্তে মেতে উঠেছে। তারা দেশে-বিদেশে নেতিবাচক প্রচার করে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। এরা দেশ ও জনগণের শত্রু। এদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা যাতে কেউ ব্যাহত করতে না পারে সেজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতা শেখ মো. সেলিমের সভাপতিত্বে সভায় সাধন মজুমদার এমপি, স্বপন সাহা, ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতা অধ্যাপক মনসুর আহমেদ, রফিক পারভেজ, মইনুল হোসেনসহ ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্থানীয় সময় বুধবার রাত ৮টায় সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তিনি যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।
