নন্দীগ্রামে চাষ হচ্ছে সৌদির খেজুর

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:২৬
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন এলাকায় সৌদি আরবের নানান জাতের রসালো খেজুরের বাগান গড়েছেন শিল্পী আব্দুর রউফ হিরো। খেজুর চাষ করে সাফল্যের আশায় দিন পার করছেন তিনি। আব্দুর রউফ হিরোর তিন বিঘা জমিতে গড়ে তোলা বাগানটিতে সৌদি আরবের নানান জাতের সাড়ে ৪শ’ খেজুর গাছ রয়েছে। হিরো সৌদি আরবে একটি বেসরকারি কোম্পানিতে ডিজাইনার হিসেবে চাকরি করেছেন। সেখান থেকেই তিনি দেশে ফিরে খেজুরের চাষ করার পরিকল্পনা করেন। এক্ষেত্রে ময়মনসিংহের ভালুকাতে গড়ে তোলা মোতালেব হোসেনের খেজুর বাগান তাকে অনুপ্রাণিত করে। আব্দুর রউফ হিরো জানান, ২০০৮ সালে সৌদি আরবের উন্নত জাতের কিছু খেজুর সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি। ওই খেজুরের বীজ দিয়েই শুরু হয় সৌদি আরবের খেজুরের বাগান। গত বছর বাগানের ৮টি গাছে খেজুর আসে। সেই তুলনায় এবারও দ্বিগুণ খেজুর ধরেছে। আগামীতে আড়াই বছর বয়সী শতাধিক খেজুরের গাছে বেশি পরিমাণ খেজুর আসবে বলে আশা করছেন আব্দুর রউফ হিরো।