রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে চলছে ১০ চাকার ট্রাক

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:২৭
মাত্রাতিরিক্ত মালবাহী ও কাঠ বোঝাই ট্রাক চলাচলে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক হুমকির মুখে রাঙ্গামাটিতে ১০ চাকার ট্রাক চলাচলের অনুমতি না থাকলেও বর্তমানে অতিরিক্ত মাল বোঝাই করে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে চলছে ১০ চাকার ট্রাক। এতে যে কোন মুহূর্তে রাস্তা ধসে গিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে অভিযোগ করেছে ট্রাক চালক ও মালিক সমিতি। বাস চালক ও ট্রাক চালকরা বলেন, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ সড়ক। বর্ষা মৌসুমে শুরুতেই রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কিছু স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এরই মধ্যে রাঙ্গামাটি থেকে ১০ চাকার ট্রাকে করে অধিক উচ্চতায় আম কাঠ, মৌসুমী ফল পরিবহন শুরু করেছে কিছু কিছু ব্যবসায়ী। রাউজান হালদা ব্রীজসহ ৬ থেকে ৭টি ব্রীজ/ কালভাট ঝুঁকির মধ্যে রয়েছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির (মালিক গ্রুপ) সাধারণ সম্পাদক মো. সেকান্দার হোসেন চৌধুরী বলেন, রাঙ্গামাটিতে যেসব ১০ চাকার বড় গাড়ি চলাচল করছে তা আমাদের মালিক সমিতির নয়। কিছু অসাধু ব্যবসায়ীরা অন্য একটি সমিতির সহযোগিতায় অতিরিক্ত মালামাল পরিবহন করছে। রাঙ্গামাটি ট্রাফিক সার্জেন পারভেজ বলেন, রাঙ্গামাটিতে গাড়ি চলাচল আমরা খুবই নিয়ন্ত্রণে রেখেছি। রাঙ্গামাটিতে কোন প্রকার ওয়েব্রীজ না থাকার কারণে ওভারলোড হয়েছে কিনা তা আমরা মাপতে পারি না। ফলে অতিরিক্ত মালামাল লোড করলে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারি না। তারপরেও অতিরিক্ত মাল বোঝাই হলে তাদেরকে মাল কমিয়ে ফেলার জন্য বলা হয়।