কুড়িগ্রামের উলিপুরে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে পাউবো’র ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্প কাজের শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো কাজের বিভিন্ন অংশ স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তিকে সাব-লীজ দেয়ায় নিম্নমানের উপকরণ দিয়ে সিসি ব্লক তৈরি করা হচ্ছে।
৫টি প্যাকেজের কাজে ৪০এমএম ডাউনগ্রেডেড স্টোন চিপস ও ১.৫এমএম বালু ব্যবহারের নির্দেশনা থাকলেও অতি নিম্নমানের পাথর ও বালু দিয়ে সিসি ব্লক তৈরি করা হচ্ছে। সিমেন্ট, বালু ও পাথরের ভাগ ১ঃ৩ঃ৬ দেয়ার কথা থাকলেও কখনোই তা মানা হচ্ছে না। ফলে সিসি ব্লকগুলো স্ট্রাইক দিতেই ভেঙ্গে যাচ্ছে।
সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, পাউবো’র দায়িত্বশীল কর্মকর্তার অনুপস্থিতিতেই ব্লক তৈরির কাজ চলছে। ব্লক তৈরির সময় ভাইব্রেটর মেশিন পড়ে থাকতে দেখা গেলেও তা ব্যবহার হচ্ছে না। সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালনে ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট নিতাই কুমার, আলম, কায়কোবাদ, আব্দুস সালাম, প্রদীপ কুমারসহ আব্দুল্লা আল মামুনকে পাওয়া গেলেও কাজের মান নিয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি।
সহকারী প্রকৌশলী মাহিবুল আলম ইত্তেফাককে জানান, কাজের গুণগত মান ঠিক রেখেই স্থানীয় বালু দিয়ে কাজ করা হচ্ছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সাব-লীজ নেয়ার কথা অস্বীকার করে বলেন, আমি শুধুমাত্র বালু সরবরাহ করছি।
কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, প্রকল্প এলাকায় কিছু টাউট শ্রেণির লোক রয়েছে, তাদের কারণে সেখানে ঠিকাদাররাও সঠিকভাবে কাজ করতে পারছেন না।
