বাসাইলে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩২
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি সমর্থিত ও একজন স্বতন্ত্র প্রাথীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। বাকি দু’জনও জয়ের ব্যাপারে আশাবাদী। আর মাত্র দু’দিন বাকি থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।আওয়ামী লীগের কাজী অলিদ ইসলামের (কাপ-পিরিচ) সমর্থকরা জানান, তিনি ইতিপূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে ব্যাপক উন্নয়ন করেছেন কাজেই এ নির্বাচনে জনগণ আবার তাকেই নির্বাচিত করবেন। বিএনপি সমর্থিত কাজী শহিদুল ইসলামের (দোয়াত-কলম) সমর্থকরা জানান, বাসাইলে বিএনপি’র সমর্থক বেশি এবং কাজী শহিদুল ইসলাম একজন যোগ্য প্রার্থী, কাজেই কারচুপি বিহীন নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম আহমেদের (ঘোড়া) সমর্থকরা জানান, তিনি এলাকায় একজন ক্লিনম্যান হিসেবে পরিচিত, কোনো দলের সাথে সম্পৃক্ত নন এবং তার নিজস্ব ভোটব্যাংক রয়েছে, কাজেই নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন। কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত নাজমুল হুদা খান বাহাদুরের (আনারস) সমর্থকরা জানান, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর এ উপজেলায় বিশাল ভোটব্যাংক রয়েছে, কাজেই তিনিই বিজয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খানের (মোটরসাইকেল) সমর্থকরা জানান, বাসাইল ও কাশিল ইউনিয়ন থেকে দু’জন করে চেয়ারম্যন প্রার্থী রয়েছেন আর সাইফুল ইসলাম খান হাবলা ইউনিয়ন থেকে একক প্রার্থী। এছাড়া এলাকায় তার প্রচুর গোপন ভোটার রয়েছে, নিরপেক্ষ নির্বাচন হলে তিনিই বিজয়ী হবেন।