বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরে প্রতিষ্ঠিত মনোয়ারা বেগম মহিলা দাখিল মাদ্রাসাটি শিক্ষা বোর্ডের সকল শর্তপূরণ করে ১৫ বছরেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবন-যাপন করছে মাদ্রাসাটির শিক্ষক-কর্মচারীরা। ১৯৯৯ সালে ১ একর জমির ওপর মনোয়ারা বেগম মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে কর্তৃপক্ষ অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে । ঘনবসতিপূর্ণ পৌরসভার একমাত্র মহিলা মাদ্রাসাটি এলাকায় ইসলাম ও আধুনিক শিক্ষা বিস্তারে নারী সমাজের মাঝে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। মাদ্রাসাটিতে বর্তমানে ৩ শতাধিক ছাত্রী লেখাপড়া করছে। শিক্ষক-কর্মচারী রয়েছে ১৮জন। ২০০৩ সাল থেকে ২০১৩ সালের দাখিল পরীক্ষায় গড়ে ৮৭ ভাগ ছাত্রী জিপিএ-৫ সহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে মাদ্রাসা সুপার মো. রফিকুল ইসলামের নিরলস প্রচেষ্টা, দক্ষ শিক্ষকমণ্ডলীর উন্নত পাঠদানের ফলে মাদ্রাসাটির শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পেলেও মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক- কর্মচারীদের কষ্টের সীমা নেই।
