বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর ও ঠাকুরগাঁও বিমানবন্দরের ব্যবস্থাপক শহীদুল আলম চৌধুরীকে সদর দপ্তরে ক্লোজ করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, শহীদুল আলম চৌধুরী ২০০৯ সালের ১ অক্টোবর সৈয়দপুর ও ঠাকুরগাঁও বিমানবন্দরের ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দীর্ঘ এ সময়ে তার বিরুদ্ধে ওই দুটি বিমানবন্দরে কর্মচারীদের ভুয়া ওভারটাইম বিল, রক্ষণাবেক্ষণের সরঞ্জাম ক্রয়, রানওয়ে মেরামত ও ঘাস কর্তনসহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাত্ এবং অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া বিমানবন্দরের জনৈক কর্মচারী দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরেও তার বেতন-ভাতাদি উত্তোলন করার গুরুতর অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কুর্মিটোলা সদর দপ্তরের কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তা শাহিন হোসেন নতুন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এ ব্যাপারে শহীদুল আলম চৌধুরী জানান, সৈয়দপুর বিমানবন্দরের কতিপয় কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন। তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেন।
