সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:৩৫
আজ রাজাপুর কাঠিপাড়া গণহত্যা দিবস রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ আজ ১৭ মে ঝালকাঠির রাজাপুরের কাঠিপাড়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার ও স্থানীয় দোসররা হত্যাযজ্ঞ চালায় হিন্দু অধ্যুষিত এই এলাকায়। গুলি করে হত্যা করে শত শত নারী-পুরুষকে। ২০১০ সালের মার্চ মাসে কবর খুঁড়ে অর্ধশত কঙ্কাল পাওয়ার মধ্য দিয়ে আবিষ্কৃত হয় এই বধ্যভূমি। এরপর দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। তবে স্বাধীনতার ৪৩ বছর পার হলেও ওই গণহত্যার শিকার কোন শহীদ পরিবারের কপালে জোটেনি স্বীকৃতি। নির্মিত হয়নি শহীদদের স্মৃতি রক্ষার্থে কোন বধ্যভূমি। হাজীগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজের পর মুক্তিপণ দাবি হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদ্রাসা ছাত্র আহসান হাবিব (১৪) নিখোঁজের পর মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ বিষয়ে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র্যাব-১১ ও হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। নিখোঁজ আহসান হাবিব উপজেলা গোপালখোঁড় আবদুল হাই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তার বাবা নাটেহরা গ্রামের মজুমদার বাড়ির মো. গোলাম মাওলা। সে বাবার ছোট ছেলে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহআলম বলেন, উদ্ধারের চেষ্টা চলছে। র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল বলেন, মুঠোফোনের সূত্রধরে উদ্ধারের চেষ্টা চলছে। শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনিপুরে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও ১ জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, ওই গ্রামে দবিরউদ্দিনের ও উজ্জল হোসেনের নেতৃত্বে দুটি সামাজিক দল রয়েছে। দু’দল আওয়ামী লীগ সমর্থক বলে দাবি করে। পুঠিয়ায় মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ মাদক মুক্ত সমাজ গড়তে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জামিরা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ এসএম বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্চের পুলিশ সুপার আলমগীর কবির। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি রাজশাহীর এসএম রশীদুল হক, পুঠিয়া সার্কেলের এএসপি আবু সায়েম প্রধান ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহম্মদ। গাংনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এসময় তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পূর্ব বিরোধের জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার দু’পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মেহেরপুরে নির্বাচিত প্রতিনিধিদের কর্মশালা মেহেরপুর প্রতিনিধি\ খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প এবং নারী-শিশু পাচার ও নির্যাতন প্রতিরোধে একটি মৌলিক মানবাধিকার প্রকল্পের অধীনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রমে সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালা মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আমদহ ইউপি চেয়ারম্যান মোঃ আনারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ দরুদ আলী। গফরগাঁও ছাত্রলীগের নতুন কমিটি গঠিত গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ দীর্ঘ দেড় যুগ পর গফরগাঁও উপজেলা শাখা ছাত্রলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান সানিল এবং নতুন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মণ্ডল। ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ রানা ও সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান রবিন স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য মেহেদী সানিলকে সভাপতি ও শরীফ মণ্ডলকে সাধারণ সম্পাদক করে গফরগাঁও উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। দিনাজপুরে জিহাদী বইসহ ৫ শিবির কর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জিহাদী বই, লিফলেট ও পোস্টারসহ দিনাজপুরে পুলিশ গতকাল শুক্রবার ভোরে ছাত্রশিবিরের ৫ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে বিরল উপজেলার শহরগ্রাম থেকে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজমুল ইসলাম (২৪), কর্মী আব্দুল্লাহ আল মামুন (২৩) ও তানজিমুল ইসলামকে (১৯) বিপুল পরিমাণ জিহাদী বই, লিফলেট ও পোস্টারসহ গ্রেফতার করে। এসময় পুলিশ একটি মোটরসাইকেল জব্দ করে। পরে জাহিদুল ইসলাম ও শরিফুল ইসলামকেও গ্রেফতার করে। মুরাদনগরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা মাইলস্টোন প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গতকাল শুক্রবার সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। স্কুলের পরিচালক হাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মিন্টু রঞ্জন কর্মকার, অধ্যাপক জাকির হোসেন, কালী শংকর চক্রবর্তী, বাহালুল কবির, জহিরুল হক মেম্বার, দেলোয়ার হোসেন, কৃষ্ণ কান্ত দাস, জাকির হোসেন প্রমুখ। মানিকগঞ্জে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মানিকগঞ্জ প্রতিনিধি \ গতকাল মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মো. আখেরুজ্জামান, উপস্থিত ছিলেন মো. বাবর আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) কারিগরি শিক্ষা অধিদপ্তর। মঠবাড়িয়ায় ফেনসিডিল উদ্ধারের মূল হোতা গ্রেফতার মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ সম্প্রতি পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধারের মূল হোতা ফেন্সি ব্যবসায়ী সবুজ দফাদার (২৬) কে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। সবুজ পৌর শহরের বহেরাতলার ফারুক দফাদারের ছেলে। দৌলতপুরে ফেনসিডিলসহ এমপির ভাগ্নে আটক দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে সংসদ সদস্যের ভাগ্নে পরিচয়ের একজনকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাব। শুক্রবার র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আল্লারদর্গা বাজারে এমপির ছোট ভাইয়ের অফিসের সামনে একটি সিএনজিতে তোলার সময় বস্তাভর্তি ২৯৪ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাককে (৩৫) আটক করে। রাজ্জাক সোনাইকুন্ডি গ্রামের মৃত মহম্মদ আলীর পুত্র। ধলেশ্বরীতে ৫০ মণ অবৈধ জাটকা আটক নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশন শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ মণ জাটকা মাছ উদ্ধার করেছে। এসব মাছের মূল্য প্রায় ৬ লাখ টাকা। কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, এমভি গাজী-৪, এমভি স্বর্ণদ্বীপ প¬াস এবং এমভি কোকো-২ নামের তিনটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ মণ জাটকা উদ্ধার করা হয়। দশমিনায় বীজ গবেষণা প্রশিক্ষণ উদ্বোধন দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা\ দক্ষিণ উপকূলীয় অঞ্চলের (বরিশাল ও পটুয়াখালী) দশমিনা উপজেলার চরবাঁশবাড়িয়ায় বীজ বর্ধন খামার মিলনায়তনে শুক্রবার ৫দিনব্যাপী বীজ গবেষণা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। বীজ গবেষণা প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বীজ বর্ধন খামারের উপ-পরিচালক মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন। চরভদ্রাসনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্য প্রদান চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাশিডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্য প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার শিল্পপতি আলহাজ্ব মো. কাউসার ও বিশিষ্ট সমাজসেবক মো. টিটু মোল্যার যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ৮ ফুট করে ১০৮ পিস ঢেউটিন, ২৭ পিস ঢালা ও নগদ ৪ হাজার করে টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলি বিশ্বাসের উপস্থিতিতে পরিবারগুলোর মাঝে এ সাহায্য প্রদান করা হয়। ভান্ডারিয়ায় ২০০ শিশুর জন্মদিন পালন ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডিপি ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া উপজেলার সুবিধাবঞ্চিত ২ হাজার ৯৮৯ জন শিশুর জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে। গতকাল শুক্রবার সংস্থাটির স্থানীয় কার্যালয়ে উপজেলা সদরের ২০০ জন শিশুর একত্রে জন্মদিন পালন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এডিপি ম্যানেজার প্রশান্ত নাফাকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসমা আক্তার,স্পন্সর প্রকল্প ব্যবস্থাপক(সিআইএম) পলাশ সরকার, সংস্থার গৌতম চন্দ্র সরকার, সিএমও মার্গারেট দাস । চাটখিলে ডিস ও ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর চাটখিলে ২নং রামনারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর আজরার দিঘীরপাড়ে বৃহস্পতিবার রাতে ডিস ও ইয়াবা ব্যবসায়ী সাজু (২৮) গুলিবিদ্ধ হয়েছে। সে রুহিতখালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সাজু দীর্ঘদিন যাবত্ এলাকায় ডিস লাইন ও ইয়াবা ব্যবসা করে আসছিল। ঈশ্বরগঞ্জে ওষুধ বিক্রেতার জরিমানা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ি রায়বাজারের জিসান ফার্মেসীর মালিক জাকির হোসেনকে (৪০) অবৈধ ওষুধসহ পুলিশ আটক করেছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি এস আলম জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চলাকালীন ওই ব্যবসায়ীর দোকান থেকে বিক্রয় নিষিদ্ধ প্রায় ৩ কেজি খোলা ট্যাবলেট ও ২৪ পিস জিমসিং শরবত উদ্ধারের পর তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জাকির হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। পূর্বধলায় ডিজিটাল মেলা শুরু পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। উপজেলা পরিষদ কম্পাউন্ডে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। উপস্থিত ছিলেন বিজয় কি-বোর্ডের উদ্ভাবক ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. আব্দুর রহিম, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুত্ফা প্রমুখ। মহেশপুরে ফেনসিডিলসহ ট্রাক আটক মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার জলুলি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের ভোলাডাঙ্গা বাজারে ধান বোঝাই ট্রাক থেকে ৪৫৮ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে। জলুলি ক্যাম্পের নায়েক সুবেদার হাবিব জানান- ভোলাডাঙ্গা বাজারে ধান বোঝাই ট্রাকটি তল্লাশি করে ৪৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়। বাহুবলে দুইজন সিএনজি ছিনতাইকারী আটক বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা \ বাহুবলে সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা নামক স্থানে। বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের সাজিদ মিয়ার পুত্র আল আমিন (১৯) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের বাসিন্দা হরেন্দ্র কুমার সাহার পুত্র মানিক চন্দ্র সাহা ওরফে আব্দুল্লাহসহ (৩৫) সিলেট থেকে ‘শায়খুল ইসলাম পরিবহন’ নামে একটি সিএনজি অটোরিকশা ভাড়ায় নিয়ে আসে। শেরপুর নামক স্থানে যাত্রীবেশী আল আমিন ও মানিক চন্দ্র সাহা অটোরিকশা চালককে মারধোর করে অটোরিকশা ছিনতাই করে পেছনে থাকা বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামের ট্রাক ড্রাইভারের নজরে আসে। তিনি ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে অনুসরণ করে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটি জনতার সহযোগিতায় আটক করেন।