নারায়ণগঞ্জের সাত খুন মামলার এক নম্বর আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ ও দোকানের সাবেক কর্মচারী কামাল হোসেন (৩৮) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকালে পুলিশ পরিচয়ে বেনাপোলের দুর্গাপুর রোড থেকে আটক করা হলেও তার খোঁজ মিলছে না।
নিখোঁজ কামাল হোসেন যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা। তিনি দু’মাস আগে নারায়ণগঞ্জের নূর হোসেনের দোকান থেকে চাকরি ছেড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
তার স্ত্রী হেনা খাতুন জানান, বৃহস্পতিবার বিকালে আসরের নামাজের পর কামাল হোসেন বাড়ি থেকে বের হয়ে বেনাপোলে যান। সেখানে অবস্থানকালে ফোনে কথাও হয়। এর কিছুক্ষণ পর দুর্গাপুর রোডের বাদশার দোকানের সামনে থেকে বেনাপোল পোর্ট থানার দারোগা প্রকাশ তাকে গ্রেফতার করে বলে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি জেনেছেন। হেনা খাতুন জানান, দারোগা প্রকাশ ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনি ফোন করলে কামালের আটকের কথা তারা অস্বীকার করেন। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। হেনা খাতুন আরও জানান, তার স্বামী নারায়ণগঞ্জের নূর হোসেনের দোকানে চাকরি করতেন। মাস দুয়েক আগে চাকরি ছেড়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। যশোরের এএসপি (ক সার্কেল) মিলু মিয়া বিশ্বাস জানান, এ ধরনের আটকের কোনো খবর তার জানা নেই। বক্তব্য জানতে যশোরের পুলিশ সুপারের মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
