নান্দাইলে কলেজছাত্র খুন

আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৪১

ময়মনসিংহের নান্দাইলে তারিফ হাসান হৃদয় নামে এক কলেজছাত্র গত শনিবার রাত একটার দিকে খুন হয়েছেন। রবিবার সকালে তার লাশ থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, হৃদয়ের মৃতদেহ ব্রহ্মপুত্র নদের বালিপাড়া ব্রিজের নিচে হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

জানা যায়, কিছু দিন আগে তাদের একটি মোবাইল সেট বাড়ি থেকে চুরি হয়ে যায়। হৃদয়ের চাচাতো ভাই ইলিয়াছ ওই মোবাইল সেটটি তার এক প্রেমিকাকে দিয়ে দেয়। দুইমাস পর হৃদয় তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল সেটটি উদ্ধার করে। এ নিয়ে ইলিয়াছ ও হৃদয়ের মাঝে বিরোধ চলছিল। এর জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান,  নিহতের ভাই মাজহারুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় শাহীনুর (২০) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযুক্ত অন্যান্য আসামিদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারের চেষ্টা করছে।

ইত্তেফাক/এএম