ভারতের নির্বাচনে বিজেপির সাফল্যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছেন না বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। তিনি বলেন, আমি কোন অভিনন্দন বার্তা তাকে পাঠাবো না। কেননা আমি কোন সুবিধাবাদী নই। ষোড়শ লোকসভা নির্বাচনে শুক্রবার বিকাল পর্যন্ত ঘোষিত ফলাফলেই স্পষ্ট হয়ে যায়, নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তার এই জয়লাভের খবরে অনেকেই তাকে অভিনন্দন জানাতে থাকেন। কিন্তু বিহারের ওই রাজনীতিবিদ ওইদিন সাফ জানিয়ে দেন, মোদীকে অভিনন্দন নয়। কেননা তিনি (লালু) কোন সুবিধাবাদী লোক নন। লোকসভার নির্বাচনী প্রচারের সময়ও মোদীর সমালোচনামুখর ছিলেন লালুপ্রসাদ। লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবী ও মেয়ে মিসা ভারতী দু’জনই প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন। দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ভোটের লড়াইয়ে নামতে পারেননি লালুপ্রসাদ।
