সিলেটে বেড়েছে পাসের হার

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:১৭
এবারের এসএসসি পরীক্ষায় সিলেটে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৩। গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ৯৬। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৪১ জন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ৬১১ জন। অবশ্য পাসের হার ও জিপিএ-৫ সামান্য বাড়লেও এ বছর দেশের সব বোর্ডের মধ্যে সিলেটের অবস্থান সবার নীচে। এবার এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে ৬৮ হাজার ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৭৫০ জন। বিজ্ঞান বিভাগের ১২ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৫৮৫ জন, মানবিক বিভাগের ৪৮ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ৪১০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ হাজার ২০৯ জনের মধ্যে ৬ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থী পাস করেছে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮২০ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৭ জন। সেরাদের সেরা সিলেট ক্যাডেট কলেজ সিলেট শিক্ষা বোর্ডে এবারও সেরাদের সেরা হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। গত বছর তৃতীয় স্থানে থাকা সিলেট ব্লু বার্ড হাই স্কুল এবার একধাপ এগিয়ে দ্বিতীয় হয়েছে। বোর্ডে তৃতীয় হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বোর্ডের সেরা আরও তেরটি স্কুল হলো যথাক্রমে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্কলার্স হোম সিলেট, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাওয়ারস কে জি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের মাধবপুরের সরকারি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, সিলেটের আল আমিন জামেয়া ইসলামিয়া স্কুল, সুনামগঞ্জের সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়।