আখিরা নদী খননে দুর্নীতির অভিযোগ

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:২৩
পীরগঞ্জে আখিরা নদী খনন কাজে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে। নামমাত্র খনন দেখিয়ে ইতিমধ্যে অর্ধ কোটি টাকার বিল উত্তোলন করা হয়েছে। উপজেলার কুমেদপুর ও রায়পুর ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত আখিরা নদী ১০ কি. মি খননের জন্য পানি উন্নয়ন বোর্ড ১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেয়। দরপত্রের মাধ্যমে ময়নাল হোসেন, মামুন মিয়া, শাহাদত হোসেন, মাসুদ রানা, মুক্তি, বিপ্লবসহ ১০ জন খননের কার্যাদেশ পায়। এখনও ২৩ ও ৩২নং খনন কাজ শুরুই হয়নি। খননে অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একাধিকবার কাজ বন্ধ করে দেয়। সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে এজন্য সাইন বোর্ড দেয়ার বিধান থাকলেও তা দেয়া হয়নি। চণ্ডিপুরের শরিফুল ইসলাম, তাজুল মিয়া, সুমন মিয়াসহ এলাকাবাসী জানান, খনন না করে নদীর দু’পাড়ের ঘাস কেটে পাড় বেঁধে সাইজ করা হচ্ছে। ২৭, ২৮, ২৯ ও ৩১নং গ্রুপে স্ক্যাবাডারের পরিবর্তে সাধারণ শ্রমিক দিয়ে কোন রকমে জোড়াতালি দিয়ে খনন কাজ শুরু করা হয়েছে। ওই নদী খননে ৩টি গ্রুপের সাব ঠিকা নেয়া ঠিকাদার-গোলাম রব্বানী বলেন, অফিস ও দলকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে। খনন কাজের শ্রমিক সর্দার আমিনুল ইসলাম বলেন, আমি নদীর পাড় সাইজ করার জন্য সাব ঠিকা নিয়েছি। সাধারণ শ্রমিক দিয়ে সেই কাজ করছি। রংপুর পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী (এসও) মাহবুবুর রহমান বলেন, নির্বাহী প্রকৌশলীর নিষেধ আছে, তাই আমি কোন তথ্য দিতে পারব না। রংপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, কাজ শুরু না করায় ২৩ ও ৩২ নং গ্রুপকে এখনো বিল দেইনি। তাদের ছাড়াই অন্যান্য গ্রুপে ১ম পর্যায়ে ৫০ লাখ টাকা দিয়েছি। খনন কাজ পরিদর্শন করে সন্তুষ্ট হতে পারিনি।