মাধবপুরের পানির ফিল্টারের খ্যাতি এখন বিদেশেও ছড়িয়ে পড়ছে। প্রবাসী বাংলাদেশিরা সাথে করে বিদেশে নিয়ে যাওয়ার ফলে এ ফিল্টারের পরিচয় ঘটেছে আন্তর্জাতিক পর্যায়ে। পরিশোধিত ও বিশুদ্ধ খাবার পানির জন্য মাধবপুরের ফিল্টারের এ সুখ্যাতি মাধবপুর গ্রামের কয়েকটি পরিবারের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। বর্তমানে ১৭টি পরিবারসহ ৩ শতাধিক লোক ফিল্টার শিল্পের সাথে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন। প্রয়োজনীয় পুঁজির অভাবে ফিল্টার শিল্পের ব্যাপক প্রসার ঘটছে না। সরকারি সহযোগিতার মাধ্যমে ব্যাপক পরিসরে ফিল্টার তৈরির উদ্যোগের মাধ্যমে পূরণ হতে পারে বিশুদ্ধ খাবার পানির চাহিদা, কর্মসংস্থান হবে বেকার যুবক-যুবতীদের। ফিল্টার বিদেশে রপ্তানি করে অর্জন করা যেতে পারে প্রচুর বৈদেশিক মুদ্রা। দেশের প্রায় সব এলাকাতে মধ্যবিত্ত পরিবারগুলোতে বিশুদ্ধ পানির জন্য মাধবপুরের ফিল্টারের সমাদর রয়েছে। মাধবপুরের পপুলার কুটির শিল্পালয়ের প্রণব রায় জানিয়েছেন, প্রয়োজনীয় পুঁজি ও সরকারি সহযোগিতা পেলে মাধবপুরের ফিল্টারকে আরো আধুনিকায়ন ও উন্নত করে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
