জীবননগরে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:২৬
জীবননগরে তীব্র তাপদাহে গতকাল শনিবার সকালে হিটস্ট্রোকে আলফাজ উদ্দীন (৫১) ও মনোয়ারা বেগম (৫৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে এ উপজেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। গতকাল শনিবার উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ৫ দিন ধরে উপজেলায় তাপমাত্রা ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর ও ডায়রিয়াসহ অন্যান্য রোগের উপসর্গ। তাপদাহের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জ্যৈষ্ঠের ঝাঁঝালো রোদের কবল থেকে বাঁচতে দুপুর হওয়ার সাথে সাথে জনবহুল উপজেলা শহর জনশূন্য হয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইর হচ্ছে না।