বোয়ালিয়া থানা হাজতে আসামির রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:২৬
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হাজতের টয়লেটে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় রুহুল আমিন (১৮) নামে মাদকসহ আটক এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। নগরীর নামোভদ্রা কাঁচাবাজার থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। পরিবারের অভিযোগ, স্বীকারক্তি আদায়ের নামে পুলিশ নির্যাতন করে রুহুল আমিনকে হত্যা করেছে। এ ঘটনায় আদালতে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে। বোয়ালিয়া মডেল থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, হাজতখানায় শোয়ার কম্বলের ছেড়া অংশ গলায় পেঁচিয়ে রুহুল আমিন হাজতের টয়লেটের ভেনটিলেটারের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।