হালুয়াঘাট উপজেলার দড়ি নগুয়া মেইল গেট এলাকায় গতকাল শনিবার ভোর ৫টায় মেসার্স শাকিল অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার নড়াইল গ্রামের সুলতান মিয়া (৩৫), রহমত আলী (৩৮) ও ধারাকান্দা গ্রামের হযরত আলী (৩৬)। আহত দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজনকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা জানান, আকস্মিক বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বয়লারের যন্ত্রাংশ ও চিমনির ইটগুলো প্রায় দু’কিলোমিটারের মধ্যে ছড়িয়ে ছিটে রয়েছে। এমনকি ১১৫ মণ ওজনের পানির ট্যাংকি প্রায় এক কিলোমিটার দূরে ফসলি জমিতে পড়ে রয়েছে। আশপাশের বাড়িঘরের টিনের চালের ওপর বিস্ফোরিত ইটের টুকরো পড়ে বড় বড় ছিদ্র হয়ে যায়।
