ইঞ্জিন ও চালক সংকটের কারণে লালমনিরহাট জেলার পাটগ্রাম ও বুড়িমারী স্থলবন্দর রুটে ইঞ্জিন ও চালক সংকটে ট্রেন চলাচল এক সপ্তাহ বন্ধ রয়েছে। এতে অফিসগামী ও যাত্রীদের দুর্ভোগ চরম পৌঁছেছে। পশ্চিমাঞ্চলীয় জোনের পার্বতীপুর থেকে বুড়িমারীগামী ৬৫-৬৬ নম্বর কমিউটার ট্রেন গত ৮ দিন যাবত্ এবং ৪৫৫-৪৫৬ নম্বর লোকাল ট্রেনটিও গত ৫ দিন ধরে পাটগ্রাম-বুড়িমারী রুটে চলাচল বন্ধ রয়েছে।
প্রতিদিন কয়েক হাজার মানুষ ট্রেনযোগে অফিস-আদালতে, বিশেষ করে মামলায় হাজিরা, চিকিত্সা, শিক্ষা প্রতিষ্ঠানে গমন করে থাকেন। এ রুটে ট্রেন দু’টি বন্ধ থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন স্টেশনগুলোতে হাজারো মানুষ ট্রেনের জন্য ভিড় করলেও ট্রেনের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে। রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারেনটেন্ডেন্ট মোস্তাফিজুর রহমান জানান, ইঞ্জিন সংকট ও পুরাতন ইঞ্জিন মেরামতের কারণে বুড়িমারী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’ লালমনিরহাট ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মোস্তফা জাকির হাসান চালক সংকটের কথা স্বীকার করে বলেন, ‘চারটি ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশা করছি আগামী ৪/৫ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’
