ঝিনাইগাতীতে স্কুলের টাকা আত্মসাত্

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩০
উপজেলার হালচাটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০১১-১২ অর্থ বছরে জেলা পরিষদ উক্ত বিদ্যালয় সংস্কারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক আল আমিন ওই টাকা উত্তোলন করে কাজ না করে পুরো টাকা আত্মসাত্ করেন। শনিবার সরেজমিন অনুসন্ধানে গিয়ে জানা যায়, বিদ্যালয় মেরামতের জন্য কোন কাজ করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাপ হোসেন বলেন, বিষয়টি তিনি অবগত নন। ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, প্রকল্প কমিটিতে তার যে স্বাক্ষর পাওয়া গেছে, তা ভুয়া। সভাপতি জিয়াউল হকের দাবি বরাদ্দকৃত টাকা তিনি হাতে পাননি। তিনি পরিস্থিতির শিকার বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে কথা হলে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান।