শেখ জামাল আবাহনীর ‘হাইভোল্টেজ’ ম্যাচ আজ

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৪০
শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবাহনীর মধ্যে চলমান পেশাদার লিগে ব্যবধান ছয় পয়েন্টের। সমান ১৫ খেলা শেষে শেখ জামালের ৩৭ আর আবাহনীর ৩১ পয়েন্ট। ধরা-ছোঁয়ার বাইরে থাকতে হলে শিরোপা জয়ের জন্য এ মৌসুমে বড় বাজেটের দল গড়া শেখ জামালকে জিততে হবে। অপরদিকে আবাহনী যদি শিরোপা লড়াইয়ে থাকতে চায় তাহলে এ ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই। এ কারণে ফুটবল দর্শকরা ধরে নিতে পারেন ‘হাইভোল্টেজ’ ম্যাচ হবে আজ। খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। চলতি লিগে ১০ দলের মধ্যে শেখ জামালই বড় গলায় বলতে পারছে এখন পর্যন্ত কোনো দল তাদের হারাতে পারেনি। বেশ কয়েকবার হারের মুখে পড়েও বেঁচে গিয়েছিল শেখ জামাল। সঙ্গতকারণেই আবাহনীর সাথে কঠিন ম্যাচটি পার হতে পারলে তাদের বড় বিপদ কেটে যাবে। লিগের প্রথম পর্বে শেখ জামাল আবাহনী গোলশূন্য ড্র করেছিল। আজ আবাহনীর সামনে সুযোগ শেখ জামালকে হারানোর। আবার শেখ জামালেরও সুযোগ আবাহনীকে হারিয়ে পয়েন্ট ব্যবধানটা ঘুচিয়ে নেয়া। আবাহনী গত ম্যাচে ৫-২ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারালেও স্বস্তিতে নেই। কারণ রক্ষণভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগে রয়েছে আবাহনীর দুর্বলতা। যে কারণে তারা পাঁচ গোল করলেও দুই গোল হজম করেছে। শেখ জামাল গত ম্যাচে ৬-২ গোলে বিজেএমসিকে হারালেও স্বস্তিতে নেই। মোদ্দাকথা হচ্ছে, দুই ক্লাবই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামার পরিকল্পনা করলেও প্রথম লক্ষ্য হচ্ছে গোল না খাওয়া। শেখ জামালের আক্রমণভাগে নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন আজ খেলতে পারবেন না বলে জানা গেছে। তার ইনজুরি রয়েছে। আর আবাহনীর রক্ষণভাগে ওয়ালী ফয়সাল খেলতে পারবেন না। দুই দলের অন্যরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।