মনমোহন সিংয়ের পদত্যাগ

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫৩
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং গতকাল শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি রাষ্ট্রপতিকে ১৫তম লোকসভা বিলুপ্ত করার অনুরোধ জানান। রাষ্ট্রপতি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দলের পক্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম করতে মনমোহনের পদত্যাগপত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি রীতি অনুযায়ী ড. মনমোহন সিংকে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যেতে বলেন। এরপর প্রণব মুখার্জি মনমোহন সিংকে বিদায় জানাতে রাষ্ট্রপতি ভবনের গেট পর্যন্ত বেরিয়ে আসেন, যা একটি বিরল ঘটনা। এর আগে মনমোহন তার সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বর্তমান মন্ত্রিসভার বিলুপ্তির পরামর্শ দিয়ে একটি প্রস্তাব পাস হয়। বৈঠকে ২০০৪ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ড. সিংয়ের ভূমিকার প্রশংসা করা হয়। টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে এক আবেগঘন ভাষণে ড. মনমোহন বলেন, ‘প্রিয় দেশবাসী, আজ প্রধানমন্ত্রী হিসেবে আমি শেষবারের মতো আপনাদের উদ্দেশে ভাষণ দিচ্ছি।’ জাতির উদ্দেশ্যে ভাষণটিও অল্প কথায় সারলেন মিতভাষী মনমোহন সিং। তার জীবনটি খোলা বইয়ের মতো বলে জানান তিনি। প্রথমে হিন্দি, পরে ইংরাজীতে বক্তব্য রাখেন বিদায়ী প্রধানমন্ত্রী। দেশের মানুষের রায়কে সম্মান জানিয়ে তা মাথা পেতে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ইউপিএর ১০ বছরের কর্মযজ্ঞের সাফল্যকে আরও একবার তুলে ধরেন তিনি ভাষণে বলেন, দেশের উন্নয়নের জন্য যা করার সব করেছি এই ১০ বছরে। আমার ১০ বছরের কর্মজীবন যথেষ্ট স্বচ্ছ। এই এক দশকে দেশ অনেক উন্নয়নের সাক্ষী থেকেছে। তিনি আরও বলেন, ১০ বছর আগের ভারত আর আজকের ভারতে অনেক তফাত্। উন্নয়ন হয়েছে দেশের। নতুন সরকারকে শুভেচ্ছাও জানান দেশের ত্রয়োদশতম প্রধানমন্ত্রী। পরবর্তী সরকারের সাফল্য কামনা করেন তিনি। এর আগে শেষবারের মত মন্ত্রিসভার বৈঠক করেন মনমোহন সিং। এসময় বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন তিনি।