নির্মাণের আড়াই মাস পরেই ভেঙ্গে পড়েছে সীমানা প্রাচীর

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৪৫
নির্মাণ ত্রুটি ও নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ধসে পড়েছে মংলায় নির্মাণাধীন সরকারি সাইলোর (খাদ্য গুদাম) সীমানা প্রাচীর। এছাড়া প্রাচীরের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হওয়ায় এবং ঝুঁকে পড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে প্রাচীরের বাকি অংশ। ২০১১ সালে মেসার্স শাহনেওয়াজ এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে জয়মনিরঘোল এলাকায় খাদ্য গুদামের ২ হাজার ২শ’ ফুট দৈর্ঘ্যের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। দেয়াল নির্মাণ সম্পন্ন হলে চলতি বছরের মার্চ মাসে কর্তৃপক্ষের কাছে কাজ বুঝিয়ে দেয় ঠিকাদার প্রতিষ্ঠানটি। কাজ বুঝে নেয়ার দু’আড়াই মাসের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় দেয়ালের বিশাল অংশ (১শ’ ৫০ ফুট) ভেঙ্গে ও ধসে যায়। মেসার্স শাহনেওয়াজ এন্টারপ্রাইজের ম্যানেজার মো:আরিফ হোসেন প্রাচীর ভেঙ্গে পড়ার কথা অস্বীকার করে বলেন, প্রাচীর ধসে কিংবা ভেঙ্গে পড়েনি, প্রাচীর একটু বাঁকা হয়েছিল তাই ভেঙ্গে ঠিক করা হচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নির্মাণ শ্রমিক ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রাচীর নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এবং কারিগরি ত্রুটি থাকায় দেয়াল ধসে পড়েছে।