পৃথক দুর্ঘটনায় নিহত নয়

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৪৫
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় নয়জন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। শিবগঞ্জে বৃদ্ধার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজার এলাকায় গতকাল রবিবার ভোরে ট্রাকের ধাক্কায় ভুলন বিবি নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টায় দিকে ডায়বেটিসের রোগী ভুলন বিবি প্রতিদিনের মত ধোবড়া বাজার এলাকায় হাঁটছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মারা গেছে বলে জানান। উজিরপুরে টোল শ্রমিকের মৃত্যু বরিশালের উজিরপুরের আটিপাড়া এলাকায় গতকাল রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস সরকার (৩৫) নামে এক টোল শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, এ্যাংকর সিমেন্টের একটি ট্রাক ও লোহার রড ভর্তি একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক দুটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। পলাশবাড়ীতে একজন নিহত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদরের মোহাম্মদী জামে মসজিদ এলাকায় গতকাল রবিবার দুপুরে বাস চাপায় মামুন মিয়া (২৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আহত দিলীপ কুমারকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র মোহন্ত জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। উখিয়ায় রোহিঙ্গা শিশু নিহত কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকার আরকান রোডে গতকাল রবিবার সকালে গাড়ি চাপায় মিনারা বেগম (১২) নামে এক শিশু মারা গেছে। উখিয়া থানার এস.আই সেলিম জানান, গাড়িটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। লংগদুতে ছাত্রীর লাশ উদ্ধার রাঙ্গামাটির লংগদুতে গত শনিবার রাতে গলায় ফাঁস লাগানো মাসুমা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাইনীমুখী আলীয়া মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় ৩.৪৪ পেয়ে পাস করেছে। সহপাঠীরা জানান, মাসুমা আক্তার খুবই ভাল ছাত্রী ছিলেন। পরীক্ষাও ভাল দিয়েছিল। পুলিশ জানায়, পরীক্ষায় ভাল ফলাফল না করায় অভিমানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে লংগদু থানায় একটি ইউডি মামলা হয়েছে। বিজয়নগরে বৃদ্ধার লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রাম থেকে গত শনিবার রাতে মধুবালা (৬০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রামগঞ্জে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমেষপুর গ্রামে গতকাল রবিবার সকালে গাছ থেকে পড়ে মন্তাজ মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, মন্তাজ মিয়া প্রতিবেশী মজুমদার বাড়ির ডা. জয়নাল আবদীন ভুলুর কড়ই গাছের ডাল কাটতে উঠলে পা পিছনে নীচে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়ায় গতকাল রবিবার দুপুরে পুকুরে পড়ে মাহফুজ (৫) নামে এক শিশু মারা গেছে। মাহফুজকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। ঘিওরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মানিকগঞ্জের ঘিওর উপজেলার নিলুয়া বিল থেকে গতকাল রবিবার অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘিওর থানার এসআই ফারুক আহমেদ জানান, শনিবার দুপুরে ঐ এলাকার ড্রেজার মেশিনের লোকজন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন। রবিবার স্থানীয় লোকজন ঐ ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।