বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কালীগঞ্জে প্রতিবন্ধী মায়ের
হাতে শিশু খুন
ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়া গ্রামে গতকাল রবিবার সকালে নুসরাত (৫) নামে এক শিশু কন্যাকে হত্যা করেছে প্রতিবন্ধী মা। এ ঘটনায় পুলিশ মা নুরুন নাহারকে আটক করেছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নুরুন নাহার মানসিক প্রতিবন্ধী। কন্যা নুসরাতকে বাথরুমে নিয়ে কুপিয়ে হত্যা করে।
এনায়েতপুরে ডাকপিয়ন খুন
সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপালপুর থেকে গতকাল রবিবার ভোরে ফজলুল হক (৫০) নামে পোস্ট অফিসের এক পিয়নের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালপুর মাঠে বোরো ধান ক্ষেত থেকে বাঁশের সাথে কাঁথা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে ছিল।
এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, লাশের মাথায়, চোখের কোণাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গীতে মাদক ব্যবসার
ঘটনায় একজন খুন
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে গত শনিবার রাতে মাদক ব্যবসা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফায়সাল (২০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এরশাদ নগরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিল¬াল ও কাজল গ্রুপের মধ্যে মাদক বেচাকেনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনার দিন রাতে কাজল গ্রুপের লোকজন এরশাদ নগরে ঢুকে বিল¬াল গ্রুপকে ধাওয়া করে। কাজল গ্রুপের সদস্য ফায়সাল একটি ড্রেনে পড়ে গেলে বিল¬াল গ্রুপের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, হত্যাকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে।
