নেত্রকোনার পূর্বধলায় শনিবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু গাছপালা নষ্ট হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এ সময় ঘরের নিচে চাপাপড়ে কয়েক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারের দোকানপাট, দুধি, পানিশানা ও মেঘশিমুল গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু গাছপালা নষ্ট হয়। এ সময় ঘরের নিচে চাপাপড়ে দুধি গ্রামের নূর হোসেনের স্ত্রী খুদেজা খাতুন (৫৫) ও পানিশানা গ্রামের রুক্ষু মিয়ার মেয়ে মাদ্রাসা ছাত্রী রাবেয়া (১৪) আহত হয়। স্থানীয় সংসদসদস্য ওয়ারেসাত হোসেন বেলালের (বীরপ্রতীক) নির্দেশে গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
