কাঠালিয়ায় ৮টি গ্রাম ৫ দিন অন্ধকারে
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলার ৮ গ্রামে ৪ দিন ধরে অন্ধকারে রয়েছে। গত ১৫ মে থেকে উপজেলার তালগাছিয়া, পূর্ব ছিটকী, উত্তর ছিটকী, পশ্চিম ছিটকী, উত্তর চড়াইল, ছোট কৈখালী, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামে বিদ্যুত্ সংযোগ বন্ধ রয়েছে। কালবৈশাখী ঝড়ে ৫ দিন পূর্বে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে পল্লী বিদ্যুত্ বিভাগের কর্মকর্তাদের অনীহার কারণে সংযোগ দেয়া হচ্ছে না। এব্যাপারে পল্লী বিদ্যুত্ সমিতির এলাকা পরিচালক অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া জানান, বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে পল্লী বিদ্যুত্ বিভাগের কর্মকর্তাদের জানানোর পরেও কোন ব্যবস্থা নিচ্ছে না।
পুটখালী সীমান্তে শিশুসহ ২৭ জন আটক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে গতকাল রবিবার বিজিবি সদস্যরা শিশুসহ ২৭ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ৭ জন নারী ও ২ জন শিশু রয়েছে। এদের প্রত্যেকের বাড়ি পিরোজপুর, খুলনা, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। ২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার একদল পুলিশ গতকাল রবিবার মূখী স্কুল বাজার থেকে বলদী গ্রামের আব্দুছ ছালাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পাগলা থানার ওসি বদরুল আলম খান জানান, বলদী গ্রামের ছালামের বিরুদ্ধে মাদকসহ গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে।
ফকিরহাটে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাট জেলার ফকিরহাটের শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজে সাইবার নিরাপত্তাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষে গতকাল রবিবার প্রভাষক ও ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী সরদার ইকরামুল কবির। কলেজ অধ্যক্ষ বটুগোপাল দাশের পরিচালনায় এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশানের সহযোগিতায় কলেজ হল রুমে ৬০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
গোসাইরহাট উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা \ গোসাইরহাট গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহজাহান দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে। শাহজাহান সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ, এসএম মিজানুর রহমান, এনায়েত করিম মিলু, আমির হোসেন পঞ্চাইত, মাহফুজুর রহমান মিয়া প্রমুখ।
মির্জাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সারা দেশে গুম হত্যা নির্যাতন এবং বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সরকার পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠন বিক্ষোভ মিছিল করে এ প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিশ্বরোড থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি মোঃ হযরত আলী মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
কসবায় বিআরডিবি’র অপ্রধান শস্য প্রকল্পের প্রশিক্ষণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল রবিবার সকালে কসবায় বিআরডিবি’র আওতায় অপ্রধান শস্য উত্পাদন ও সংরক্ষণে প্রযুুক্তিগত কলা কৌশলের উপর উপকাভোগী সদস্যদের ৫ দিনের প্রশিক্ষণ উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেগম বুলবুল নাহার।
ঝিনাইগাতীতে খাদ্য সংগ্রহ অভিযান উদ্বোধন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খাদ্য গুদামে গতকাল রোববার খাদ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে খাদ্য গুদামে আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউদ্দিন খান, খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া হোসাইন প্রমুখ।
স্বরূপকাঠিতে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে সাইবার নিরপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ এ কর্মশালার আয়োজন করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান।
মহেশপুরে মা দিবসে আলোচনা সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ রবিবার মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন।
লালমনিরহাটে প্রযুক্তি ব্যবহার শীর্ষক কর্মশালা
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল রবিবার লালমনিরহাট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব মিলনায়তনে ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী-এর পরিচালক, (অর্থকরী ফসল উত্পাদন) কৃষিবিদ খন্দকার ছাইফউল্লাহ। বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মুজিবুল হক মিয়া, উপ-পরিচালক কৃষিবিদ আলী আজম। সভাপতিত্ব করেন উপ-পরিচালক সাফায়েত হোসেন।
আড়াইহাজারে ১৩ জুয়াড়ি গ্রেফতার
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারের খাগকান্দা ফাঁড়ি পুলিশ ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় মেঘনা নদী থেকে এদের গ্রেফতার করা হয়। খাগকান্দা ফাঁড়ি ইনচার্জ খালিদ হাসান জানান, ওই এলাকায় একটি ট্রলারে করে জুয়াড়িরা জুয়ার আসর বসিয়েছিল। গ্রেফতারকৃতরা হচ্ছে নাছির হোসেন, আলাউদ্দিন, সহিদ, কবির, খবির , শহর আলী, দুলাল, কালাম, মজি মিয়া , খালিদ ও ইসলামসহ ১৩ জন।
রাজৈরে কালী মূর্তি ভাংচুর
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উত্তরপাড়া গ্রামে কালি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা । শনিবার রাতে দুর্বৃত্তরা আমগ্রাম উত্তরপাড়া ঢালী বাড়ী কালি মন্দির থেকে কালি মূর্তি বের করে ভাংচুর করে গাছের উপর ফেলে দেয় । ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলবাড়িতে নারীদের দিনব্যাপী কর্মশালা
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে বেসরকারি সংস্থা আশা ফুলবাড়ি-৩ শাখার উদ্যোগে গতকাল রবিবার সংস্থার কার্যালয়ে নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন বিষয়ক নারীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আমীর হোসেন ও শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা আহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী)সংবাদদাতা \ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শনিবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার (৫২) বাড়ি যাওয়ার পথে সিরাজপুর সরকার দিঘী-সংলগ্ন হিতার পুকুর নামক স্থানে ১০/১২ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত পথ রোধ করে এলোপাতাড়ি লাঠি ও ছোরা দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চৌদ্দগ্রামে মানবাধিকার কমিশনের মতবিনিময়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রামে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মতবিনিময় সভা গতকাল রোববার স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখা সভাপতি ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি এড. আহসান খাঁ, সেক্রেটারী ডা. শাহাদাত হোসেন চৌধুরী, পৌর কমিটির সভাপতি টিপু সুলতান, সহ-সভাপতি কাউন্সিলর হারুনুর রশিদ, এড. মাহবুবুল হক, সেক্রেটারী ফারুক আহমেদ খাঁ শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন মজুমদার, খোরশেদ আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, প্রচার সম্পাদক ফারুক হোসাইন শামীম, কোষাধ্যক্ষ নুরুল আমিন মজুমদার।
সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের পৌর ওয়ার্ড কমিটি গঠন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১, ২ ও ৩নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শহরের গোলাহাট চিনি মসজিদ সংলগ্ন মাঠে কর্মীসভার আয়োজন করা হয়। সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে কর্মীসভায় সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা এম.এ পারভেজ লিটন প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ১, ২, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
কালিয়াকৈরে প্রতিবন্ধীদের উন্নয়নে কর্মশালা
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ উপজেলার গাজীপুর ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের আয়োজনে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ভাল কাজ অনুশীলন বিষয়ক কর্মশালা রবিবার গাজীপুর-ডিপিওডি ভবনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সফল প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা-ইন্স্যুরেন্সের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। ডিপিওডি চেয়ারম্যান মোঃ ইনছাদ আলীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের এ্যাডভোকেসী ক্যাম্পেইন অফিসার জান্নাতুল ফেরদৌস, এক্সিম ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোশাররাফ হোসেন সফিক, অধ্যাপক সুকান্ত কুমার, অধ্যাপক নূরুল ইসলাম, সাংবাদিক সরকার আব্দুল আলীম, এম.তুষারী, মেহেদী হাসান প্রমুখ।
আদিতমারীতে হাইব্রিড ধানের মাঠ দিবস
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় হাইব্রিড সাথী জাতের ধান চাষের উপর মাঠ দিবস গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। উপজেলার সারপুকুর ইউনিয়নের কৃষক বিনোদ চন্দ্র হাইব্রিড সাথী ধান চাষ করেছেন। তিনি প্রতি শতক জমি থেকে ৪৬ কেজি ধান পেয়েছেন। মাঠ দিবসে এসব চিত্র বেরিয়ে এসেছে। সারপুকুর ব্লকের আওতায় ৭৩ জন কৃষক এবছর ৩৫.৪৮ একর জমিতে হাইব্রিড সাথী ধানের চাষাবাদ করেছেন।
