রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর ভেঙ্গে জমি দখল

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১১
উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে গত শুক্রবার দুটি সংখ্যালঘু পরিবারের দোকান ও বসত ঘর গুঁড়িয়ে দিয়ে জমি জবর দখল করেছে প্রভাবশালী মহল। সেখানে নতুন দোকান ঘর নির্মাণ শুরু করেছে দখলকারীরা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের ইন্ধনে এ জবর দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা সুধন বিশ্বাস জানিয়েছেন, তাদের ক্রয়কৃত জমিতে বসত ঘর ও দোকান ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সমপ্রতি তার পরিবারের কয়েকজন সদস্য চাকরিসহ বিভিন্ন কারণে এলাকার বাইরে ছিলো। এ সুযোগে স্থানীয় একটি মহল তাদের দোকান ও বসত ঘর জবর দখলের ষড়যন্ত্র শুরু করে। এরই জের ধরে শুক্রবার সকালে গর্জনিয়া হাজীর পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মো. হাশেম, দক্ষিণ মৌলভী কাটা এলাকার জবর মুলুক এর ছেলে মো. রফিক এর নেতৃত্বে ২০ জনের অধিক লোকজন অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের বসত ঘর ও দোকান ঘরে আকস্মিকভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা বসত ঘর ও ২টি দোকান ঘর পুরো ভেঙ্গে নতুন স্থাপনা নির্মাণ শুরু করে। হামলাকারীরা ভাংচুর ছাড়াও সেখানে থাকা দোকানের পণ্য, বাড়ির কাপড় ও কাগজপত্র, আসবাবপত্র, টিউবওয়েলসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। সুধন বিশ্বাস এ নিয়ে রামু থানায় শুক্রবার একটি জিডি করেন।