সার্ভিস রোল বাস্তবায়নের দাবি

চট্টগ্রামের ইউএসটিসি শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি শুরু

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১৩
সার্ভিস রোল ও গ্রহণযোগ্য বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছেন চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রবিবার দাবি আদায়ের লক্ষ্যে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। এসময় আন্দোলনকারীদের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইউএসটিসিতে চাকরির কোন নীতিমালা নেই। কর্তৃপক্ষের ইচ্ছার উপর সবকিছু নির্ভর করে। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। ইউএসটিসিতে দেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় অনেক বেশি অর্থ আয় হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে বক্তারা ঘোষণা দেন। সমন্বয় পরিষদ নেতা ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম বাপ্পী, অধ্যাপক ডা. এএইচএম ইসহাক চৌধুরী, অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী প্রমুখ।