শুধুই স্কার্ট

আপডেট : ১৯ মে ২০১৪, ২১:০৫
গরমে তরুণীদের কাছে আরামদায়ক পোশাক স্কার্ট। সঙ্গে মানানসই টপস তো আছেই। কড়া রোদের এই দিনগুলোতে বাসা, অফিস কিংবা ক্যাম্পাসের আড্ডায় ফ্যাশনেবল পোশাক স্কার্ট-টপস আপনাকে এনে দেবে স্বস্তি। সাথে বাহ্যিক লুকটাতেও আসবে ভিন্নতা। গরমের স্বস্তিদায়ক পোশাক স্কার্ট নিয়ে লিখেছেন খালেদ আহমেদ প্রকৃতির পালাবদলের সাথে আমাদের পোশাকেও আসে পরিবর্তন। গরমের এই সময়টায় একটু আরামদায়ক পোশাক নির্বাচন করতে হবে। স্বস্তি ও ফ্যাশনের কথা ভেবেই গরমে তরুণীরা পছন্দ করেন স্কার্ট ও টপস পরতে। আমাদের দেশে স্কার্ট পরার ট্রেন্ড চালু হয় মূলত পাশ্চাত্য দেশের অনুকরণে। স্কার্ট একসময় শিশু-কিশোরীদের পছন্দের পোশাকের তালিকায় থাকলেও এখন তা তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী তাবাসসুম বলেন, ‘আমার পছন্দের পোশাক স্কার্ট ও টপস। কারণ স্কার্ট এখন ঘরে যেমন ক্যাজুয়াল পোশাক হিসেবে পরা যায়, তেমনি বাইরের কাজে কিংবা পার্টিতে পরা যায়।’ স্কার্ট-টপস মূলত টিনএজারদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়। তবে সব বয়সের নারীই এ পোশাকে নিজেকে মানিয়ে নিতে পারে। সে ক্ষেত্রে কোন বয়সের সঙ্গে কোনটি মানানসই সেদিকে লক্ষ রাখতে হবে। টিনএজারদের উপযোগী আনিজেন হেমলাইন সেমিলং স্কার্ট এখন বেশ চলছে। এটি কালারফুল নরসিংদির কটন কাপড় দিয়ে তৈরি, যা কি-না সমসাময়িক হাল ফ্যাশনের উপযোগী। সঙ্গে আঙ্গারেখা স্টাইলে শর্ট লেন্থ টপস। স্কার্ট-টপসের সঙ্গে চাইলে স্কার্ফ নিতে পারেন। খুব চওড়া স্কার্ফ না দিয়ে চিকন স্কার্ফ বেঁধে দিতে পারেন গলায়। গরমে কটন ও লিনেন স্কার্ট বেশ আরামদায়ক। রঙের ক্ষেত্রে বাছাই করতে পারেন নীল, সবুজ, হালকা আকাশি ও হালকা হলুদ। তরুণীরা সবসময় তাদের রুচি, পছন্দমতো ফ্যাশনেবল পোশাকটিই বেছে নেয়। আপনার পছন্দের স্কার্ট ও টপসের জন্য ঘুরে আসতে পারেন গুলশানের ক্যাটস আইয়ের আউটলেট থেকে। সেখানে আপনি পাবেন মিড, সেমি লং, লং—সব ধরনের স্কার্ট। ক্যাটস আইয়ের স্কার্টগুলো বেশিরভাগ জর্জেট ও গেঞ্জি কাপড়ের তৈরি। গরমের জন্য গেঞ্জি কাপড়ের স্কার্ট অনেক আরামদায়ক। এই গরমে স্কার্টের সঙ্গে লুজ টি-শার্ট বেশি মানানসই। ফ্যাশন হাউস যাত্রাতেও পাওয়া যায় ফ্যাশনেবল স্কার্ট। এখানে সাধারণত বিভিন্ন থিমের ওপর ভিত্তি করেই পুরোনো কাপড় ব্যবহার হচ্ছে স্কার্ট তৈরিতে। স্কার্টের ঝুল আর ডিজাইনের তারতম্য খুব বেশি। লম্বা, মাঝারি ও শর্ট স্কার্ট মিলবে এখানে। আবার কয়েক পরত কাপড়ের ডিজাইনের সঙ্গে পুঁতি আর ফিতা দেওয়া স্কার্টও আছে। চাইলে ফিতা দিয়ে পেঁচিয়ে একপাশে বেঁধেও পরা যাবে এই স্কার্ট। ফ্যাশন হাউস আড়ংয়ে পাবেন আপনার পছন্দের স্কার্ট। ট্রাইবাল মোটিফ ও গাঢ় রঙের ব্যবহারে ট্রাইবাল স্কার্ট, লেস ও পাড় বসানো ক্লাসিক স্কার্ট। এ ছাড়া কাপড়ের ওপর সুতা ও পুঁতির কাজ করা স্কার্ট টেইলারিং স্কার্ট। আর কাপড় নির্বাচনে সুতি এবং হাতে তৈরি কাপড়ের প্রাধান্য রয়েছে। এ ধরনের স্কার্ট পরতে অনেক আরামদায়ক। প্রতিদিন ক্যাজুয়াল পোশাক হিসেবে ক্লাসে বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা রাতের পার্টিতেও এ ধরনের স্কার্ট মানানসই। স্লিভলেস ম্যাগি ছোট হাতা, ঘটি হাতা কিংবা থ্রি-কোয়ার্টার টপসের সঙ্গে আপনি পরতে পারেন স্কার্ট। চাইলে টি-শার্টের সঙ্গেও পরতে পারেন স্কার্ট। এছাড়া রাজধানীর বসুন্ধরা সিটি, নিউমার্কেট, চাঁদনীচক, হকার্স মার্কেট, রাইফেল স্কয়ারসহ অন্যান্য মার্কেটেও পাবেন আপনার পছন্দসই স্কার্ট ও টপস।