কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল চোরাকারবারির মধ্যে বন্দুকযুদ্ধে ১৫ জন আহত হয়েছে। এসময় ৪টি বাড়িতে ভাংচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আসলাম ও কাজল নামে দু’জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চোরাচালানি আসলাম ও শাহাবুল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় গ্রুপ একে অপরকে লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করতে থাকে। এলাকাবাসী জানায়, ১৫/১৬ রাউন্ড গুলি ও শক্তিশালী বোমার শব্দে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়। এদের মধ্যে হাবিব দৌলতপুর হাসপাতালে ভর্তি হলেও গ্রেফতার এড়াতে অন্যরা গোপনে চিকিত্সা নিচ্ছে। এ সময় প্রতিপক্ষের লোকজন মতিন, সাহারুল, শাহিনুর ও আতর আলীর বাড়িতে ভাংচুর চালায়।
