পৃথক দুর্ঘটনায় নিহত সাতজন

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৪৯
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় সাতজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। আটঘরিয়ায় ভটভটি চালক নিহত পাবনা সদর থানার টেবুনিয়া বাজার এলাকায় গতকাল সোমবার ভোরে ট্রাকের চাপায় আ. হাকিম (৩৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, আটঘরিয়া থেকে ইঞ্জিন চালিত ভটভটি পাবনা যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ভটভটি চালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মানিকগঞ্জে মোটর সাইকেল আরোহী নিহত মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় গত রবিবার সন্ধ্যায় বাস চাপায় মতিউর রহমান (৪৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, মোটর সাইকেলে পেট্রোল নেয়ার জন্য মতিউর পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সুজানগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু পাবনার সুজানগরের খয়রান গ্রামে গত রবিবার রাতে সাপের কামড়ে মাজেদা খাতুন (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। একটি বিষধর সাপ প্রথমে ওই বাড়ির একটি পোষা বিড়ালকে এবং পরে গৃহবধূ মাজেদাকে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে মাজেদা খাতুন মারা যান। জগন্নাথপুরে বজ্রপাতে মসজিদের মোয়াজ্জিন নিহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও গ্রামে গতকাল সোমবার ফজরের আযানের পর বজ্রপাতে ক্বারী সিপন আহমদ (২০) নামে স্থানীয় জামে মসজিদের মোয়াজ্জিন মারা গেছেন। এলাকাবাসী জানান, মোয়াজ্জিন সিপন আহমদ ফজরের আজান দিয়ে মসজিদের বাহিরে বের হলে বজ্রপাতে ঘটস্থালেই তিনি মারা যান। আটঘরিয়ায় মহিলার লাশ উদ্ধার পাবনার আটঘরিয়ার মল্লিকপাড়া গ্রামে গতকাল সোমবার সকালে রেশমা খাতুন (২৭) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আটঘরিয়া থানার ওসি শেখ লেলিন আলমগীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে, না সে আত্মহত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে। দামুড়হুদায় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামে গতকাল সোমবার সকালে মাটি চাপায় লুত্ফর রহমান (৩৮) নামে এক মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লুত্ফর রহমানসহ ১০-১২ জন লিয়াকত শাহ’র পুকুরে মাটি কাটার কাজ করছিল। এসময় মাটি ধসে লুত্ফর রহমান চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মার যান। অভয়নগরে যুবকের মৃত্যু যশোরের অভয়নগর নওয়াপাড়ায় গতকাল সোমবার ভোরে ট্রেন দুর্ঘটনায় অসিম সাহা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নূরবাগ রেল লাইনের উপর তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিল। পীরগঞ্জে মিনিবাস উল্টে আহত ২৫ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল সোমবার সকালে একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে মহিলাসহ ২৫ জন আহত হয়েছেন। পীরগঞ্জ থানার ওসি মুরসেদুল করিম মুহা. ইসতেশাম জানান, পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী মা আয়শা নামে একটি যাত্রীবাহী মিনিবাস তেঁতুলতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে পীরগঞ্জ হাসপাতালে ১২ জন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ৮ জন এবং গুরুতর অবস্থায় দুইজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।