সরবরাহকৃত আখের মূল্য পরিশোধের দাবিতে জয়পুরহাট ও মধুখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আখচাষীরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
জয়পুরহাট চিনিকলে প্রায় সাড়ে ১২ কোটি টাকা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আখচাষীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় আখচাষী ফেডারেশনের ডাকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি চিনিকল চত্বর প্রদক্ষিণ শেষে প্রধান গেটে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জয়পুরহাট আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ, আখচাষী গোলাম মাহমুদ, ইউসূফ আলী মুকুল প্রমুখ। বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের মিলগেট প্রধান ফটকের সামনে সোমবার দুপুরে আখচাষীদের ২০০ কোটি পাওনা টাকার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফরিদপুর চিনিকলে আখচাষীদের পাওনা ১৩ কোটি ৪৭ লাখ টাকা।
কল্যাণ সংস্থার সভাপতি মো. আকরাম হোসেন মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝুটু, ফেডারেশনের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল বাশার বাদশা, কৃষক নেতা ওহিদুজ্জামান বাবলু প্রমুখ।
