সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় পরিবহন ডাকাতির চেষ্টাকালে গতকাল সোমবার সকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার শেখ আলফাজউদ্দীনের ছেলে পলাশ রহমান (৩৫), সদর উপজেলার ধুলিহর এলাকার জালাল উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (২৮) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিকসিনি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মতিউর রহমান ওরফে সাগর (২৯)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, ছয়ঘরিয়া মোড়ে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে রাস্তা ব্যারিকেড দিয়ে ১৫/১৬ জনের একটি ডাকাতদল পরিবহন ডাকাতির চেষ্টা করছে। পুলিশ সোমবার রাত আড়াইটার দিকে ছয়ঘরিয়া এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ও ৬টি বোমা ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
তবে হাসপাতালে চিকিত্সাধীন গুলিবিদ্ধ পলাশ ও আলমগীর জানান, পাঁচদিন আগে গোয়েন্দা পুলিশ তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। সোমবার ভোররাতে তাদেরকে ছয়ঘরিয়া এলাকায় চোখ বেঁধে নিয়ে পায়ে গুলি করে।
