দামুড়হুদা সদর ইউনিয়ন চেয়ারম্যান, জামায়াতের ইউনিয়ন আমীর ও দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম মিল্টনকে (৪০) গত রবিবার রাতে ২টি শাটার গান, ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৪টি বোমা ও বিপুল সংখ্যক জিহাদী বইসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শরিফুল ইসলাম মিল্টন দামুড়হুদা শহরের গুলশানপাড়াস্থ নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিল। এ সময় দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গুলশানপাড়াস্থ বাড়িতে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মিল্টনকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মিল্টন শিবির কর্মী রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
