বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
রাজবাড়ীতে মাছ ব্যবসায়ী খুন
রাজবাড়ী সদরের শাইলকাঠি গ্রাম থেকে গত রবিবার সন্ধ্যায় সম্ভু নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাছ ব্যবসায়ী সম্ভু গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়। সুলতানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান জানান, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
আশাশুনিতে যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর চেউটিয়া খেয়াঘাট থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশাশুনি থানার ওসি আহসান হাবিব জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ছিল একটি হাফ শার্ট ও পরনে ছিল একটি প্যান্ট। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয়া হয়।
তারাগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের বাঁশঝাড় থেকে গতকাল সোমবার আকলিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার বিকালে ওই গৃহবধূ তারাগঞ্জ উপজেলা সদরের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
তারাগঞ্জ থানার এসআই হুমায়ুন আহম্মেদ জানান, ওই গৃহবধূর লাশ গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলান্ত থাকলেও হাঁটু ছিল মাটিতে। তার শরীরে দুই-এক জায়গায় আঘাতের চিহ্নসহ হাঁটুর কাছে জখম রয়েছে। এ ঘটনায় আকলিমা খাতুনের স্বামী আবু বক্কর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
