নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে কাগজপত্রে ৫০ শয্যায় উন্নীত করা হলেও লোকবল ও চিকিত্সা উপকরণের অভাবে তা এখনো ৩১ শয্যায়ই রয়ে গেছে।
প্রতিদিন শত শত রোগী হাসপাতালে এসে টিকিট কেটে ডাক্তার পাচ্ছে না। পাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। যার কারণে উপজেলার সাড়ে ৮ লাখ মানুষ আধুনিক চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে।
৬০ দশকের মধ্যভাগে প্রতিষ্ঠিত স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণকালীন ৫ জন ডাক্তার, ৬/৭ জন ধাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ডাক্তার ও নার্সের পদ শূন্য এবং তাদের হাসপাতালে উপস্থিতি কম থাকায় রোগীদের দুর্ভোগ বেড়েই চলেছে।
এ ছাড়া উপজেলার ২৪টি ইউনিয়নে ২৪টি মঞ্জুরিকৃত পদ থাকলেও কমিউনিটি ক্লিনিকে ২০ জন সহকারী সার্জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ৪টি কমিউনিটি সেন্টারে ৪ ডাক্তারের পদ শূন্যাবস্থায় পড়ে রয়েছে। এছাড়া ৪ জন প্রেষণে নরসিংদীতে কর্মরত রয়েছেন। যার ফলে এসব কমিউনিটি সেন্টারগুলোতে রোগীরা কোনো সরকারি সেবা পাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম জানান, ৩১ শয্যার হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখানে ট্যাক্স ছাড়া অন্য কোন উন্নয়ন সাধন হয়নি।
