ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রী। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। পুলিশ অভিযুক্ত একই স্কুলের ১০ম শ্রেণির দুই ছাত্রকে আটক করেছে। আটককৃতরা হলো—ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আব্দুল খালেক ও সালমান ফারসী।
বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, প্রায় দুই মাস যাবত্ ওই দুই ছাত্র উক্ত ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রী সোমবার সকালে স্কুল ভবনের দ্বিতল ছাদ থেকে লাফিয়ে আ?ত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। জোরারগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ছাত্রীর বাবা বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
