সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:৫২
দর্শনা চিনিকলে আখ চাষীদের বিক্ষোভ দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের ডাকে ও দর্শনা চিনিকল আখ চাষী কল্যাণ সমিতির উদ্যোগে আখ চাষীরা মিল এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছে। চাষীদের আখের মূল্য পরিশোধ ও ১৫০ টাকা মণ প্রতি আখের মূল্য বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছে। দর্শনা চিনিকল আখ চাষী কল্যাণ সমিতির আয়োজনে আখ চাষীরা মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে মিল গেটের প্রধান ফটকের সামনে স্থানীয় সড়ক অবরোধ করে চাষীরা ১১ দফা আদায়ের লক্ষ্যে সমাবেশ করেছে। দর্শনা আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চাষীদের পাওনা ২০০ কোটি টাকা পরিশোধ ও আগামী আখ মাড়াই মৌসুম চালু হওয়ার আগেই ১৫০ টাকা মণ প্রতি আখের মূল্য দিতে হবে। পাকুন্দিয়ায় কীটনাশক ব্যবসায়ীর অর্থদণ্ড পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রির দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের আলীশাহা বাজারের মো.আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন থেকে বিনা লাইসেন্সে ওই ব্যবসায়ী সার ও কীটনাশক বিক্রি করে আসছিলেন। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন খানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে গিয়ে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াহিয়া খান প্রমুখ। ঠাকুরগাঁওয়ে জুস পান করে ১০ জন অসুস্থ ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া গোপালপুর এলাকায় জুস পান করে একই পরিবারের ১০জন অসুস্থ হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থরা হলেন: রিপন, রাজ্জাক, আবু সাইদ, লুত্ফর, রেহেনা, সমেদ আলী, আল-আমিন, সাদেকুল, রফিকুল ও শামসুল হক। সোমবার অসুস্থ হয়ে তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার জানায়, বাজারে নকল জুস পান করে তারা অসুস্থ হয়েছেন। বাজারের নকল জুস পান থেকে সতর্ক হওয়ার আহবান জানান তিনি। নেত্রকোনায় বিএনপির সমাবেশ নেত্রকোনা প্রতিনিধি \ দেশব্যাপী নেতা-কর্মীদের অপহরণ, হত্যা, গুম, গ্রেফতার এবং মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার নেত্রকোনা জেলা উপজেলা বিএনপির উদ্যোগে ছোটবাজারস্থ দলীয় অফিস থেকে মিছিল বের হতে পুলিশ বাধা প্রদান করলে মিছিল সমাবেশ করতে না পেরে পরে দলীয় অফিসের সিঁড়িতে পুলিশের বাধা ও আওয়ামী লীগ সরকারের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখের জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, সদর উপজেলা বিএনপির অহ্বায়ক মুজিবর রহমান খান, জেলা ছাত্র দলের সভাপতি মনিরুজ্জামান দুদু প্রমুখ। কোটালীপাড়ায় রিফ্রেসার্স ট্রেনিং কর্মশালা কোটালীপাড়া(গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় এসডিসি’র সহযোগিতায়, প্রিপ ট্রাস্টের অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য ও সেবাদান ব্যবস্থায় জবাবদিহিতা বিষয়ক রিফ্রেসার্স ট্রেনিং কর্মশালা হয়েছে। গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার এ কর্মশালার উদ্বোধন করেন। রাজৈরে তিনদিনব্যাপী ডিজিটাল মেলা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর তিন দিনব্যাপী ডিজিটাল মেলা গতকাল সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জীব কুমার বালা, সমাজ সেবা কর্মকর্তা বিএম আসাদউজ্জামান উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লতা কুদ্দুস, মাদারীপুর জেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি জমিরউদ্দিন খান প্রমুখ । নবীনগরে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার তিতাস নদী পাড়ে নৌকা ঘাট থেকে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন— কসবা উপজেলার গংগানগর গ্রামের মোঃ জহির আলম (২৯), মোঃ ইব্রাহিম মিয়া (২৮), মোঃ শরিফ মিয়া (১৭), মোঃ আলামিন (২৭), মোঃ মামনু মিয়া (২১), দুলাল মিয়া (৩৫), মোঃ সাফায়েত (২০)। আদিতমারীতে মাঠ দিবস ও কৃষক উদ্বুদ্ধকরণ সভা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের আদিতমারীতে হাইব্রিড শক্তি-২ জাতের ধানের উপর মাঠ দিবস ও কৃষক উদ্বুদ্ধকরণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে কৃষক শফিকুল ইসলামের বাড়িতে মাঠ দিবস ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় বারঘড়িয়া ব্লকে ৫৭ জন কৃষক ২৬.০৫ একর জমিতে হাইব্রিড শক্তি-২ জাতের ধানে চাষ করেছেন। জয়পুরহাটে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ জয়পুরহাট প্রতিনিধি \ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে জয়পুরহাটের সবুজনগর মহল্লায় গতকাল সোমবার দুস্থ মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে বেসরকারি সংস্থা জাকস ফাউন্ডেশন। জাকস ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইউরোপীয় অর্থায়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক নুর মোহাম্মদ মন্ডল, সংস্থার নির্বাহী পরিচালক নুরুল আমীন, উপনির্বাহী পরিচালক আবুল বাশারসহ অন্যরা। পূর্বধলায় কৃষি প্যাকেজ প্রশিক্ষণ অনুষ্ঠিত পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা পূর্বধলায় সারা সংস্থার উদ্যোগে গতকাল সোমবার দু’দিনব্যাপী কৃষি প্যাকেজ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা সদরের সারা সংস্থার কার্যালয়ে কৃষি প্যাকেজ প্রশিক্ষণটি উদ্বোধন করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরণ্য-ই চিরান। উপজেলার বিশকাকুনী, পূর্বধলা ও জারিয়া ইউনিয়নের ২৫ জন উপকারভোগীদের নিয়ে অনুষ্ঠিত এ কৃষি প্যাকেজ প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন, উপজেলা মত্স্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর । সাতক্ষীরায় শিক্ষকদের পদোন্নতির দাবিতে মানববন্ধন সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষকদের পদোন্নতি ও বেতন স্কেল প্রধান শিক্ষকের একধাপ নিচে নির্ধারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও খুলনা বিভাগীয় সভাপতি তপন কুমার মন্ডল, খুলনা জেলা সভাপতি হারুন-উর-রশিদ, যশোর জেলার সভাপতি সুদেব কুমার দেবনাথ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার বর্মন প্রমুখ। কাহারোলে সরকারিভাবে চাল ক্রয় উদ্বোধন কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে চাল সংগ্রহ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল কান্তি সরকার। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ জিয়াউল হক শাহ, মিল-মালিক মোঃ মনসুর আলী, মোঃ শাজাহান আলী, মোঃ নজরুল ইসলামসহ অন্য মিল-মালিকরা। রায়পুরায় ওপেন হাউজ ডে উদযাপন রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা থানার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এএসপি সার্কেল মোঃ জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী, পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা আ.লীগের সভাপতি আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আঃ ছাদেক, মির্জানগর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালীতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ নোয়াখালী প্রতিনিধি \ আসন্ন বাজেটে শিক্ষা সংকট নিরসনে শিক্ষাখাতে ২৫ ভাগ অর্থ বরাদ্দের দাবিতে গতকাল সোমবার জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নোয়াখালী জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সমাবেশে জেলা শাখার আহ্বায়ক বিটুল তালুকদারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম ও সদস্য জসিমউদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন। কাঁঠালিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সৈয়দপুর কচয়া নামক স্থানে সোমবার বিকাল ৩টায় আই এপিপি-এর আওতায় ২০১২/১৩ অর্থ বছরে গঠিত এল এফ এস-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক মোঃ জাফর আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএপিপিও মোঃ কবির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, সাংবাদিক এইচএম নাসির উদ্দিন আকাশ, মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। রামগঞ্জে শিবির সভাপতি গ্রেফতার রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লামচর ইউনিয়নের বেড়ীবাজার সংলগ্ন একটি বাড়ি থেকে রামগঞ্জ পৌর শিবিরের সভাপতি সাইফুল ইসলাম আজগরকে (২২) গ্রেফতার করেছে। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবির নেতা উপজেলার ৪নম্বর ইছাপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের আবু সাইয়েদের ছেলে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, গ্রেফতারকৃত শিবির নেতার বিরুদ্ধে দুইটি ভাংচুর মামলা রয়েছে। সিংড়ায় এক ব্যক্তির হাত কর্তন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোর সিংড়ায় মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তির (ডান) হাত কর্তন করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি রাস্তার একা পেয়ে ৫-৬ জন সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সে কলম ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর আফাজ উদ্দিনের ছেলে। উল্লেখ্য, মোহাম্মাদ (৪৫) কলম ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামি ময়েনের বড় ভাই। সিংড়ায় স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ উদ্বোধন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোর সিংড়ায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণ সোমবার উদ্বোধন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য, সাবেক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপজেলা বিএনপির সভাপতির উদ্যেগে এবং এলাকার রাস্তা ঘাট ও খাল খনন বিএনপির কর্মসূচি হিসেবে নূরপুর বেড়ি বাঁধ হতে নূরপুর জামে মসজিদ পর্যন্ত স্বেচ্ছাশ্রম রাস্তার কাজের উদ্বোধন হয়। বকশীগঞ্জে পল্লী চিকিত্সক সমাবেশ বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গ্রামীণ চিকিত্সা সেবার মান উন্নয়নে এবং পল্লী চিকিত্সকদের আরো অভিজ্ঞ করে তোলার লক্ষ্যে বকশীগঞ্জে পল্লী চিকিত্সক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বকশীগঞ্জ নূর ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হূদরোগ বিশেষজ্ঞ ডাঃ ইউনুছ আলী। ক্লিনিকের পরিচালক জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ শারমিনা আক্তার, মাহফুজুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, সাংবাদিক শাহীন আল আমীন ও জিসকা ফার্মাসিউটিক্যালস-এর এরিয়া ম্যানেজার তাছির আলম। বোদায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের বোদায় দুই মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পঞ্চগড় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ইসলাম গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী মাধক চন্দ্র বর্মন (৩০) ও তার স্ত্রী গিতা রানীকে (২৫) দুই বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের বাড়ির উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দার পাড়া গ্রামে। এছাড়াও মাধব চন্দ্র বর্মনের বিরুদ্ধে বোদা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গতকাল সোমবার এই মামলা দায়ের করে। টেকনাফে ২৪ মিয়ানমার নাগরিক আটক টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবজারের টেকানাফে শাহপরীর দ্বীপ নাফ নদী সীমান্ত থেকে ২৪ মিয়ানমার নাগরিককে আটক করেছে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার শাহপরীর দ্বীপ বিওপির হাবিলদার মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে টহল দল সদস্যরা শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নাফ নদীতে অভিযান চালিয়ে বাংলাদেশ অবৈধভাবে অনুপ্রবেশর দায়ে ১১ জন পুরুষ, ০৭ জন মহিলা ও ০৬ জন শিশু মোট ২৪ জন মিয়ানামার নাগরিককে আটক করে। পরে আটককৃত ব্যক্তিদের দুপুরে স্ব সীমান্ত দিয়ে স্বদেশে ফেরত পাঠায়।