আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, সকল দলের অংশগ্রহণে যে নির্বাচন হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মার্কিন দুই কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যান্য দল কূটনীতিকদের জন্য বড় বড় হোটেলে নৈশভোজের আয়োজন করে, সেখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করতে তারা এখানে আসেন। নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে অনেক পর্যবেক্ষক আসবে বলে জানান তিনি।
এই দুই কর্মকর্তা হলেন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলার ও দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা কাজী রুম্মন দস্তগীর। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কার্যালয়ে বৈঠকের পর এইচটি ইমাম বলেন, ‘এটাই প্রথম নয়, কিছু দিন আগে ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক এসেছিলেন। প্রায়ই অনেকে আওয়ামী লীগ অফিসে এসে দেখা করেন।’
সব রাষ্ট্রদূতের সঙ্গেই ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তা ও আলোচনা হয় জানিয়ে এইচটি ইমাম বলেন, ‘সেগুলো সব সময় প্রচার করার দরকার আমরা মনে করি না।
এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠালেও এবার তারা পাঠাচ্ছে না। সেখানে আমেরিকা কেন পর্যবেক্ষক পাঠাবে-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ‘ওরা সব জায়গাতেই পাঠায়। নির্বাচনী পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা কোন অসন্তোষের কথা বলেছেন কি না জানতে চাইলে এইচটি ইমাম বলেন, ‘ওরা এ সমস্ত কথা বলেননি।’
