নেত্রকোনার মদন উপজেলার ফায়ার সার্ভিস ভবনের নির্মাণ কাজ গত ৫ বছরেও শেষ না হওয়ায় অগ্নিকাণ্ডে বাসা-বাড়ি, দোকান-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এলাকাবাসী উদ্বিগ্ন।
জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০০৮-২০০৯ অর্থ বছরে ৭৮ ফাইল প্রকল্প বরাদ্দ ডি.পি.পি ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণের দরপত্র আহ্বানের প্রেক্ষিতে ঢাকার খিলগাঁও এলাকার মেসার্স আরিফ এন্টারপ্রাইজ ঠিকাদারকে ২৯ মার্চ ২০০৯ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়। উক্ত তারিখ হতে ৩ শ’ ৩০ দিনের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করার নির্দেশ থাকলেও ঠিকাদার ১ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৮শ’ ৯০ টাকা ব্যয় করে ৭০ ভাগ কাজ সম্পন্ন করে। অতিরিক্ত বরাদ্দ না থাকায় দীর্ঘ ৫ বছর ধরে ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল হক জানান, অতিরিক্ত বরাদ্দ পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র প্রদান করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই পুনরায় কাজ শুরু করা হবে।
