ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ছিনতাইকারীরা আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার চেষ্টা করে কতিপয় দুর্বৃত্ত। এ ঘটনায় আহত ব্যবসায়ীর বড় ভাই আবুল হাশেম সোমবার রাতে নান্দাইল মডেল থানায় দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হালিউড়া গ্রাম থেকে ছিনতাইকারী দলের সদস্য খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে ব্যবসার কাজ শেষে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। হালিউড়া দক্ষিণপাড়া গ্রামে মসজিদের সামনে পৌঁছামাত্র চার ছিনতাইকারী সিদ্দিকের পথরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ছিনতাইকারী দলের তিনজনকে চিনে ফেলায় তাকে জবাইয়ের চেষ্টা করা হয়। পরে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বলেন, আহত ব্যবসায়ীর ভাই ছিনতাইকারী দলের সদস্য উপজেলার হালিউড়া গ্রামের জীবন মিয়া (২৫), চন্দন মিয়া (২৭), খোকন মিয়া (২৮) ও অজ্ঞাত একজনকে অভিযুক্ত করে থানায় মামলা করে। পুলিশ ওই দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
