উইকিপিডিয়া সময়ের সবচেয়ে বেশি ব্যবহূত ওয়েবসাইটগুলোর একটি। উন্মুক্ত এই বিশ্বকোষটি সারা বিশ্বেই জনপ্রিয়। উইকিপিডিয়া মূলত তৈরি হয়েছে শত-সহস্র মানুষের পরিশ্রমের ফসল হিসেবে। এতে সারা বিশ্ব থেকে সব মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিবন্ধ লিখে সমৃদ্ধ করে থাকেন একে। যেই পদ্ধতিতে উইকিপিডিয়া সমৃদ্ধ হয়ে থাকে, তাকে সাধারণভাবে বলা হয়ে থাকে ‘উইকি’। এই উইকি’র উদ্ভাবক ওয়ার্ড কানিংহাম। ডিজাইন প্যাটার্ন এবং এক্সট্রিম প্রোগ্রামিংয়ের অন্যতম পথিকৃত্ কানিংহাম ১৯৯৪ সালে উইকিউইকিওয়েব সফটওয়্যারটি তৈরি করা শুরু করেন এবং একে তার নিজস্ব ওয়েবসাইট কানিংহাম অ্যান্ড কানিংহাম (c2.com)-এ ব্যবহার করেন। ‘উইকি উইকি ওয়ে’ শিরোনামে তিনি একটি বইও লিখেন। ফ্রেমওয়ার্ক ফর ইন্টিগ্রেটেড টেস্ট-এরও তিনি উদ্ভাবক। ১৯৪৯ সালের ২৬ মে জন্ম নেওয়া কানিংহাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের উপরে স্নাতক এবং কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার নিজস্ব কানিংহাম অ্যান্ড কানিংহাম সফটওয়্যার কনসালটেন্সি নিয়েই তিনি ব্যস্ত সময় কাটান।
