সড়ক দুর্ঘটনায় নিহত ১২

আপডেট : ২০ মে ২০১৪, ২২:৫৩
গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। ধামরাইয়ে বাস উল্টে তিন নারী শ্রমিক, মির্জাপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন, চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন, কুমিল্লায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া রামগড়ে সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতা এবং পঞ্চগড়ে এক শিশু নিহত হয়েছে। খবর ইত্তেফাক অফিস ও সংবাদদাতাদের। ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার সকালে প্রতিক সিরামিক্স এর শ্রমিকবাহী বাস ধামরাই এর ডাওটিয়া মানিকনগর এলাকায় মহাসড়কের পাশে একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে। দুর্ঘটনায় জাহানারা আক্তার, রওশন আরা ও অর্চনা নামে প্রতিক সিরামিক্্স এর তিন শ্রমিক নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, যাত্রীদের অনেকের অবস্থাই আশংকাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরি নামকস্থানে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় পৌনে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। নিহতরা হচ্ছে বগুড়া জেলার সদর উপজেলার নিশিন্দারা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল আলেক মিয়া, একই জেলার বড়কুথিরা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং জয়পুরহাট জেলার কালাই উপজেলার করিমপুর গ্রামের আফসার আলীর ছেলে শুকুর আলী (৩৫)। নিহতদের মধ্যে সাইফুল পিকআপের চালক । চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। চট্টগ্রাম বন্দর এলাকার দুই নম্বর গেইট এলাকায় সোমবার গভীর রাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক শিশু মারা গেছে। নিহতের নাম শিপন শরীফ (১০)। বন্দর থানা পুলিশ জানায়, শিপন শরীফ নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা নাছির শরীফের পুত্র। এদিকে নগরীর কর্ণফুলি থানার মালখান বাজারে মঙ্গলবার ভোর রাতে বালিবোঝাই ট্রাক উল্টে লক্ষ্মণ দাশ নামে এক দিনমজুর মারা গেছে। তিনি ওই এলাকার সিংহবাড়ির চিন্তাহরণ দাশের ছেলে। কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সোহাগ (২২) ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার দক্ষিণ পুনদী গ্রামের মোস্তফা কামাল নিহত হয়। রামগড় সংবাদদাতা জানান, রামগড়ের যুবলীগের নেতা আফতাব উদ্দিন রুবেল (২৩) মঙ্গলবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় নিহত এবং তার চাচাত ভাই মো. রনি (২০) গুরুতর আহত হয়েছেন। আহত রনিকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উত্তর ফটিকছড়ির গার্ডের দোকান এলাকায় রামগড়-করেরহাট সড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (১৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলার বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পল্লী বিদ্যুত্ সংলগ্ন এলাকায় গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সে ওই এলাকার তজিবুর রহমানের পুত্র।