স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শিল্পোন্নত দেশ ও উন্নয়ন সহযোগীদের প্রতি জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে কারিগরি ও আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তারপরও অপর্যাপ্ত ক্ষমতা এবং অর্থের অভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে কার্যকর প্রস্তুতি নিতে এই দেশগুলোর সমস্যা হচ্ছে।
সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৭তম সম্মেলনের উদ্বোধনী দিনে প্লেনারি অধিবেশনে বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। কিউবার স্বাস্থ্যমন্ত্রী ডা. রবার্ট টমস মোরালেস ওজেদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৭তম সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার শুরু হয়েছে। সম্মেলনে ১৯৪টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা অংশ নিচ্ছেন। এর আগে গত ১৮ মে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের এক সম্মেলনে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
