“বোকো হারামকে কালো তালিকাভুক্ত করুন”

আপডেট : ২১ মে ২০১৪, ২২:০৪
ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির কাছে আবেদন জানিয়েছে নাইজেরিয়া। বোকো হারাম দুশোরও বেশি স্কুল ছাত্রীকে অপহরণের পর নাইজেরিয়া এ পদক্ষেপ নিল বলে মঙ্গলবার জানিয়েছেন এক জাতিসংঘ কূটনীতিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ কমিটি থেকে কোনো আপত্তি না থাকলে বোকো হারামের ওপর বৃহস্পতিবার বিকাল ৩টা নাগাদ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বোকো হারামের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশে ১৮ মে নীতিগতভাবে রাজি হয় নাইরেজিয়া। এখন তারা এ ব্যাপারে আবেদন জানাল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে বর্তমানে নাইজেরিয়াও আছে। পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে পাঁচটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স স্থায়ী সদস্য, আর নাইজেরিয়াসহ বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য। কট্টর ইসলামপন্থী বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরিয়াভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্যে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহী লড়াই চালিয়ে আসছে গোষ্ঠীটি। সাম্প্রতিক বছরগুলোতে বোকো হারামের হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। গত মাসে ২শ’ ২৩ জন স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায় বোকো হারাম। জিম্মি এসব ছাত্রীদের মুক্তির বিনিময়ে কারাগারে টক বোকো হারাম সদস্যদের মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছিল গোষ্ঠীটি। কিন্তু নাইজেরিয়া সরকার তা প্রত্যাখ্যান করেছে অপহূত স্কুল ছাত্রীদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।