নারী নির্যাতন মামলায় ৩১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আয়নালের স্থলে আরিফ নামের এক যুবক গত ৮ মাস যাবত্ ভাড়ায় সাজা ভোগ করছে বলে জানা গেছে। বিনিময়ে আয়নাল আরিফকে দিয়েছে ৮ লাখ টাকাসহ জেলখানায় থাকার সব ধরনের সুযোগ-সুবিধা। এছাড়া জেল থেকে বের করে পাঠিয়ে দেবে মালয়েশিয়া। এমনই চুক্তিবদ্ধ হয় আয়নালের সাথে আরিফের। চুক্তিবদ্ধ হয়েই আয়নাল বিদেশ চলে যায় আর আরিফ যায় জেল হাজতে। চাঞ্চল্যকর এই খবর বেরিয়ে এলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, চক পালপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে আয়নাল পাশের বাড়ির প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রীকে ২০০৩ সালে বিয়ের কথা বলে শ্লীলতাহানী করে। এতে ধর্ষিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সন্তানের জননী হয়।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মহিলা বাদি হয়ে আয়নালকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আয়নালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এদিকে আয়নাল বিদেশে পাড়ি জমালে আসামির অনুপস্থিতিতে ৩১ বছরের সাজা প্রদান করা হয়। গত বছরের ২৪ সেপ্টেম্বর একই গ্রামের আরজ খানের পুত্র আরিফ আয়নাল সেজে আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে শুরু হয় আয়নাল নামে আরিফের সাজাভোগ।
