এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান উপজেলায় শীর্ষে অবস্থান করেছে তাদের খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়
এবারের এসএসসি পরীক্ষায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় শীর্ষে রয়েছে মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এ বছর ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে।
হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ
ঢাকার ধামরাই উপজেলায় শীর্ষে রয়েছে হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। ৩২৭ জন শিক্ষার্থীর মধ্যে ১২৮ জন জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে ৩২৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪০ জন জিপিএ- ৫ পেয়েছে।
বোনকোল উচ্চ বিদ্যালয় ও কলেজ
পাবনার সুজানগরের বোনকোল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে শতভাগ।
অধ্যক্ষ নূরুল হুদা জানান, শিক্ষকদের সুষ্ঠু ও সময়োপযোগী পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের কারণে এই ফলাফল অর্জিত হয়েছে।
মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসা
কুমিল্ল¬ার নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাজিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১২তম এবং বিভাগীয় পর্যায় দ্বিতীয় স্থানে রয়েছে। এ বছর দাখিল পরীক্ষায় ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাস করেছে শতভাগ। মৌকারা দারুচ্ছুন্নাত ওয়ালিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান ও মৌকারার পীর আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন বলেন, পরিচালনা পরিষদ, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শেষে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে। এ স্কুল থেকে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে।
রাজাপুর উচ্চ বিদ্যালয়
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাজাপুর উচ্চ বিদ্যালয় ৯৯টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে। বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় ৮৮ জন এবং আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার ২য় ও ৩য় শীর্ষস্থান দখল করেছে।
রাজশাহী বোর্ডে সেরা পাবনার ৩ স্কুল
এ বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাবনার তিনটি স্কুল ২০-এর মধ্যে অবস্থান করেছে। পাবনা ক্যাডেট কলেজ ৮ম, পাবনা জিলা স্কুল ১০ম ও ১৮তম স্থানে রয়েছে পাবনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। জেলার মধ্যে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পাবনা জেলা স্কুল থেকে ২৮৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৯ জন। পাবনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ২৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। চতুর্থ স্থান স্থানে বেড়ার আলহেরা একাডেমী। এ স্কুল থেকে ১৩২ জন পরীক্ষার্থীদের মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। ৫ স্থানে রয়েছে ঈশ্বরদীর ইক্ষু গবেষণা হাই স্কুল। ৬৪ জন অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। এছাড়া পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল ৬ষ্ঠ, ইমাম গায্যালী গার্লস স্কুল ৭ম, কৃষ্ণপুর সরকারি গার্লস হাই স্কুল ৮ম, ঈশ্বরদী সাড়া মারোয়াড়ী হাই স্কুল ৯ম এবং ইমাম হোসেন একাডেমী রয়েছে ১০ স্থানে।
বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়
কক্সবাজারের মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছে। ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২ জন জিপিএ-৫ সহ ৩৩ জন পাস করেছে। পাসের হার শত ভাগ।
পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয়
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় রূপগঞ্জ উপজেলায় প্রথম স্থান ও নারায়ণগঞ্জ জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে। এসএসসি পরীক্ষায় ৮৯ জন ছাত্রছাত্রী অংশ নিয়ে শতভাগ পাস করে ৬২ জন জিপিএ-৫ ও বাকি ২৭ জন এ গ্রেড পেয়েছে। ২০১৩ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। ১৯৬৬ সালে স্থাপিত এ স্কুলটি মাত্র কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় শত ভাগ পাস করে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মন্নান বলেন, ছাত্র, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের সমন্বয়ে এ ফলাফল হয়েছে।
